২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কপের আহ্বানে সোমবার সারাদেশে ১২ ঘন্টার রাজপথ - রেলপথ ধর্মঘট

শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ (স্কপ) সোমবার সারাদেশে ২৪ ঘন্টার ধর্মঘট ও ১২ ঘন্টার রাজপথ - রেলপথ অবরোধ কর্মসূচি পালন করবে। সরকারের সাথে সম্পাদিত চুক্তি বাস্তবায়ন ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই কর্মসূচি আহ্বান করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 09:54 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

এ ছাড়া স্কপ তাদের বিরুদ্ধে আনা সব মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে।

নগরীর মুক্তাঙ্গনে রোববার অনুষ্ঠিত এক সমাবেশে স্কপ নেতারা বলেন, ২০০৪ সালের ১১ জানুয়ারি সরকারের সঙ্গে চুক্তি সাক্ষর হলেও আজতক এর বাস্তবায়ন হয়নি।

স্কপের সমন্বয়ক ড. ওয়াজেদুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কপ নেতা রায় রমেশ চন্দ্র।

এদিকে জাতীয় প্রেসক্লাবে সকালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ড. ওয়াজেদুল ইসলাম খান জানান, শ্রমমন্ত্রী আমানুল্লাহ আমানের সঙ্গে কথা হলেও তিনি চুক্তি বাস্তবায়নে কোন নিশ্চয়তা দিতে পারেননি। চুক্তি অনুযায়ী চার মাসের মধ্যে তা বাস্তবায়নের কথা ছিল সরকারের।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে নূরুল ইসলাম, দেলোয়ার হোসেন, মজিবর রহমান, শফিকুর রহমান মজুমদার প্রমুখ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে জাতীয় শ্রমিক লীগ ও বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্কপের এ ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

অন্যদিকে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নেতারা গার্মেন্টস খাতকে এ ধর্মঘটের আওতামুক্ত রাখার জন্য স্কপের কাছে আবেদন জানিয়েছেন।