২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো অশুভ শক্তিই জনতার বিজয় ঠেকাতে পারবে না: পদযাত্রা সফল করায় অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, অত্যাচার নির্যাতন, দমন পীড়ন, গণগ্রেপ্তার, ভয় ভীতি প্রদর্শন, সন্ত্রাস-- কোনো কিছুই জনতার বিজয় ঠেকাতে পারবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 08:07 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

টানা ছয় দিনের পদযাত্রা কর্মসূচি সফল করায় আওয়ামী লীগসহ ১৪ দলের নেতা কর্মী ও জনগণকে অভিনন্দন জানিয়ে রোববার এক বিবৃতিতে শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, সরকার কূটকৌশল দিয়ে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না। দিন ঘনিয়ে এসেছে। জনগণের রুদ্ররোষে দুর্নীতিবাজ লুটেরা জোটের পতন ঘটবে। কোনো অশুভ শক্তিই জনতার বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না।

বিরোধী দলীয় নেতা বলেন, জোট সরকারের ভয়কে জয় এবং রক্তচক্ষু উপেক্ষা করে ১৪ দলের পদযাত্রা কর্মসূচিতে লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে বিএনপি জামাত জোটের প্রতি অনাস্থা জানিয়েছে। বিক্ষুব্ধ জনতা জোট সরকারের হৃৎকম্পন সৃষ্টি করেছে। দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত লুটেরা এই সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে।

বিরোধী দলীয় নেতা বলেন, জনরোষে ভীত বিএনপি জামাত জোট সরকার জনতার আন্দোলন নস্যাত করতে মরিয়া হয়ে গণগ্রেপ্তার, ষড়যন্ত্র ও কূটকৌশলের পথ বেছে নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। কিন্তু কোনো অপচেষ্টাই জনতার অগ্রযাত্রা থামাতে পারবে না।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার আজ জাতীয় দাবিতে পরিণত হয়েছে। দেশের মানুষ ১৪ দলের পক্ষ থেকে উত্থাপিত সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করবে।

শেখ হাসিনা ‘উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসীদের লালন পালনকারী বিএনপি জামাত জোট দুঃশাসনের’ পতন ঘটিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চলমান আন্দোলন এগিয়ে নেয়ার জন্যে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানান।