চোর ও ভোট জালিয়াতরা ক্ষমতাসীন জোটে সংঘবদ্ধ হচ্ছে: শেখ হাসিনা
সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশপ্রেমিক শক্তি অথবা জোট সরকার নামক সংঘবদ্ধ ‘চোরের দল’ -- এর যে কোনো একটিকে বেছে নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য তিনি এই আহ্বান জানান।
শেখ হাসিনা রোববার ধানমণ্ডির কার্যালয়ে যশোর ও কুষ্টিয়া জেলার তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে মতবিনিময় করেন।
এতে তিনি বলেন, সব চোর ও ভোট জালিয়াতরা নির্যাতক চার দলীয় জোটে সংঘবদ্ধ হচ্ছে। তিনি জনগণকে এদের ব্যাপারে তাদের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
তিনি তৃণমূল নেতাদের অভ্যন্তরীণ দলীয় কোন্দল মিটিয়ে ফেলা এবং মনোনয়নের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান। দলীয় সিদ্ধান্ত মেনে না চললে বহিষ্কার করা হবে বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।
সাবেক সামরিক শাসক এইচএম এরশাদের ক্ষমতাসীন জোটে যোগদানের ঘটনায় তিনি বিস্ময় প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, তিনি কিভাবে তার স্বামীর হত্যাকারীর সাথে ঐক্যবদ্ধ হচ্ছেন!
শেখ হাসিনা বলেন, ১৯৯০ সালের ১৯ জানুয়ারি গুলিস্তানের একটি সমাবেশে খালেদা জিয়া তার স্বামীকে হত্যার জন্য এরশাদকে দায়ী করেন; এখন তিনিই ক্ষমতা ও অর্থের লোভে তার ছেলেকে এরশাদের কাছে পাঠিয়েছেন।
তিনি আরো বলেন, যে নেত্রী নিজের স্বামীর হত্যাকারীর সাথে ঐক্য করছে, তার মতো একজন লোভীর কাছে জনগণ কি করে তাদের অধিকার সমর্পন করবে? আর সেটা কতটাই বা জাতীয় স্বার্থ রক্ষা করবে -- জনগণকে তা ভেবে দেখতে হবে।
শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমানকে হত্যার অভিযোগে বিএনপি কোনো মামলা দায়ের করেনি। এরশাদ বলেছে, তাদের মধ্যে মতাদর্শগত মিল রয়েছে। তিনি ঠিকই বলেছেন, অন্তত ক্ষমতা ও অর্থের লোভ -- এই দুটি বিষয়ে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই।
তিনি বলেন, জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে; তাদের ভোটাধিকার রক্ষা করতে হবে।
তিনি আরো বলেন, তারা দুর্নীতি করে ও অবৈধভাবে যে কোটি কোটি টাকা জমিয়েছে, নির্বাচনে ভোট কেনার জন্য তারা সে সব টাকা ব্যায় করবে। এ টাকার পুরোটারই মালিক হচ্ছে জনগণ। তাই এ টাকা জনগণকেই বুঝে নিতে হবে। জনগণই সিদ্ধান্ত নেবে, তারা দুর্নীতিবাজদের আদৌ ভোট দেবেন কি না।
‘প্রকৃত ইসলাম প্রচার না করে মওদুদীর ইসলাম প্রচার’ করায় তিনি জোটের শরীক দল জামায়াতের কঠোর সমালোচনা করে বলেন, তারা এখন আর প্রকৃত ইসলাম চর্চা করছে না; তারা ব্যাপক দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে।
বিরোধী দলীয় নেতা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ও সংঘবদ্ধ চক্রের ভাগ্য গড়ার সুযোগ দেওয়ায় সরকারের তীব্র সমালোচনা করেন।
মতবিনিময় আয়োজনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফরুল্লাহ, সুরঞ্জিত সেনগুপ্ত, সাজেদা চৌধুরী, ওবায়দুল কাদের ও আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
