নিশ্চিত পরাজয় জেনেই আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে: মান্নান ভূইয়া
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী অবদুল মান্নান ভূঁইয়া শনিবার বলেছেন, আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে।
তিনি বলেন, তারা সরকারকে গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে জনগণের সাথে আওয়ামী লীগের কোন সম্পৃক্ততাই নেই। বিএনপি জনগণের জন্য কাজ করেছে, তাই আগামী নির্বাচনে জনগণ বিএনপিকেই ভোট দিয়ে নির্বাচিত করবে।
নরসিংদীর শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার দুপুরে উপজেলা যুবদল আয়োজিত তৃণমূল পর্যায়ের এক যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা যুবদল আহ্বায়ক মোফাজ্জল হোসেন খান সেজুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মিয়া মোহাম্মদ সেলিম, উপজেলা বিএনপি আহ্বায়ক আবুল হারিস রিকাবদার, জেলা যুবদল সভাপতি বোরহান উদ্দিন রোকন, সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ দিপু, মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম খান, জেলা কৃষক দল সভাপতি শহিদুল ইসলাম ভূইয়া ও জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আলহাজ্ব সুলতান উদ্দিন মোল্লা।
সমাবেশ শেষে মান্নান ভূইয়া আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন। এর আগে তিনি শিবপুর উপজেলা ডাকঘরের নবনির্মিত ভবন এবং শিবপুরে আবাসিক গ্যাস সংযোগ লাইনের উদ্বোধন করেন।
