রোববার থেকে খুলনা বিভাগীয় নেতাদের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময় শুরু
দলের তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার চতুর্থ পর্যায়ের মতবিনিময় ৩০ জুলাই রোববার থেকে শুরু হচ্ছে।
ধারাবাহিক সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে এ পর্যায়ে খুলনা বিভাগের জেলা, থানা এবং প্রথম শ্রেণীর পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৩০ জুলাই যশোর ও কুষ্টিয়া, ৩১ জুলাই মেহেরপুর, চুয়াডাঙ্গা ও নড়াইল, ২ আগস্ট খুলনা জেলা ও মহানগর, ৩ আগস্ট ঝিনাইদহ, ৪ আগস্ট সাতক্ষীরা এবং ৬ আগস্ট বাগেরহাট ও মাগুরার তৃণমূল নেতাদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে সকাল ৯ টা থেকে এ সকল বৈঠক অনুষ্ঠিত হবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে বৈঠকে উপস্থিত হওয়ার জন্য দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল অনুরোধ জানিয়েছেন।
