বিএনপি রাজনীতির নামে মানুষ নির্যাতন করে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বিএনপি রাজনীতির নামে দেশের মানুষকে নির্যাতন করে না, বরং মানুষের কল্যাণেই আমরা রাজনীতি করি।
তিনি বিরোধী দলের কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ দেশের উন্নয়নে সহযোগিতা না করে এবং দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা গ্রহণ না করে দেশের শান্তি বিনষ্ট করছে। তারা সংসদে না এসে হরতাল, অবরোধ, রাজপথে জ্বালাও -- পোড়াওয়ের মাধ্যমে দেশী-বিদেশী শক্তির ওপর ভর করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়।
বুধবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে থানা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, রাজনীতির নামে যারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করবে তাদের কঠোর হাতে দমন করা হবে।
জনসভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, মহিলাবিষয়ক প্রতিমন্ত্রী আলমগীর কবির, কৃষি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু, সাংসদ এম আকবর আলী, বিচারপতি (অবঃ) এম মোজাম্মেল হক, অধ্যাপক এম এ মতিন প্রমুখ।
এর আগে প্রধানমন্ত্রী হুড়াসাগর ব্রীজ ও বাঘাবাড়ি মিল্ক ভিটা কারখানায় কনডেন্সড মিল্ক প্ল্যান্ট উদ্বোধন করেন।
