২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্নেল তাহেরের প্রহসনমূলক বিচারের দলিলপত্র প্রকাশ করা উচিত: লরেন্স লিফশুলৎজ

বিশিষ্ট মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলৎজ বলেছেন, ১৯৭৫ সালে গোপন আদালতে কর্নেল আবু তাহেরের প্রহসনমূলক বিচারের সমস্ত দলিলপত্র ন্যায় বিচারের স্বার্থে প্রকাশ করা উচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

তিনি বলেন, যারাই ক্ষমতায় থাকুক না কেনো, তাদের উচিত হবে সেদিনের ভুল স্বীকার করে নেওয়া।

তিনি প্রস্তাব রেখে আরো বলেন, আর্জেন্টিনা ও দক্ষিণ আমেরিকার মতো জাতীয় কমিশন করা উচিত; এর কাজ হবে বিনা বিচার ও গোপন বিচারে যাদের হত্যা করা হয়েছে, সে সব ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করা।

কর্নেল তাহেরর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কর্নেল তাহের সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘কর্নেল তাহের হত্যার বিচার: আন্দোলন ও আইনগত প্রক্রিয়া’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। 

ফার ইস্টার্ন ইকনমিক রিভিউ’র সাবেক সাংবাদিক লিফশুলৎজ বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি বিবেক -- অনুসন্ধানের আহ্বান করছি। খালেদা জিয়া এক সময় তাহেরকে পারিবারিক বন্ধু হিসেবে মনে করতেন।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী -- জনতার অভ্যূত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, সেদিন জিয়াউর রহমান বহু সৈন্যের সামনে তার জীবন বাঁচানোর জন্য তাহেরকে ধন্যবাদ দিয়েছিলেন।

তিনি বলেন,  যেভাবে তাহেরের বিচার হয়েছে, প্রধানমন্ত্রী  সেই বিচার প্রক্রিয়াকে সমর্থন  করবেন বলে আমার বিশ্বাস হয় না। খালেদা জিয়া যদি সে দিনের গোপন বিচারের ভুল স্বীকার করেন, তবে তা হবে একটি দৃষ্টান্ত; কারণ এটি হচ্ছে একটি ন্যায় বিচারের প্রশ্ন।

লিফশুলৎজ বলেন, যে সব সেনা কর্মকর্তা ৩ নভেম্বর খালেদ মোশাররফ’র অভ্যুত্থানে অংশ নেন, কর্নেল শাফায়াত জামিলসহ অনেককেই ছেড়ে  দেওয়া হয়; অথচ যারা জিয়াউর রহমানের পক্ষে ছিলেন ঝোলানো হয় তাদের ফাঁসিতে।

তৎকালীণ রাষ্ট্রপতি বিচারপতি আবু সায়েমের সমালোচনা করে লিফশুলৎজ বলেন, তিনি ছিলেন এমন একজন রাষ্ট্রপতি, যিনি নিজেই আইন লঙ্ঘন করেছেন। তিনি যখন প্রধান বিচারপতি ছিলেন তখন ন্যায় বিচারের স্বার্থে ফাঁসির আদেশ রদ করেন; অথচ তিনি রাষ্ট্্রপতি হয়ে ২৪ ঘন্টার মধ্যে তাহেরের মৃত্যুদণ্ডাদেশে স্বাক্ষর করেন। এটি একটা স্রেফ ভণ্ডামী। 

তিনি বলেন, সামরিক আদালতে বিচারের সময় কর্নেল তাহেরকে আইনগত পরামর্শ ও পরিবারের সাথে দেখা করার সুযোগও দেওয়া হয়নি। বিচারের খবর সংগ্রহের জন্য গেলে আমাকে সামরিক জান্তারা আটক করে বাংলাদেশ থেকে বহিস্কার করে। তারা ২৯ জুন আমাকে ব্যাংককে পাঠিয়ে দেয়; ক্যামেরা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে ফিল্ম । 

তিনি আরো বলেন, বিচারকালে তাহের আবেদন জানিয়ে বলেছিলেন, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদেরকে যেনো জুরিবোর্ডে রাখা হয়। কিন্তু তার সে আবেদন নাকচ করে দেওয়া হয়। ১৭ জুলাই ইউসুফ হায়দার তাহেরের মৃত্যুদন্ডাদেশ দেন।

অনুষ্ঠানে বিশিষ্ট আইনজীবি এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, দেশে যারা বিনা বিচারে এবং গোপন বিচারে নিহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতি সৌধে সমাবেশের আয়োজন করা উচিত।