বাড়ী বাড়ী গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার প্রথম দিন: সহায়ক কর্মকর্তার অপ্রতুলতা অন্যতম সমস্যা
বাড়ী বাড়ী গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার প্রথম দিনে ঢিলেঢালাভাবে কাজ শুরু হওয়ায় এর সঠিক এবং পূর্ণাঙ্গ সাফল্য নিয়ে সন্দেহের মেঘ দানা বেঁধে উঠছে।
শুক্রবার রাজধানীর কয়েকটি ওয়ার্ডে সরেজমিন পরিদর্শন এবং একাধিক সহকারি রেজিস্ট্রেশন কর্মকর্তার (এআরও) সাথে যোগাযোগ করে এ নিয়ে আশাব্যঞ্জক কোনো চিত্র চোখে পড়েনি।
রাজধানীতে বাসিন্দাদের উচ্চ স্থানান্তর হার এবং হালনাগাদ কাজের জন্য প্রয়োজনীয় সংখ্যক সহায়ক কর্মকর্তার অপ্রতুলতার কারনে সুষ্ঠুভাবে ভোটার তালিকা হালনাগাদের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।
হালনাগাদে নিয়োজিত অনেক এআরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের জন্য যে স্বল্প সময়সীমা বেঁধে দিয়েছে তাতে কাজটি যথাযথভাবে সম্পন্ন করা প্রায় অসম্ভব ব্যাপার। তাছাড়া এআরও এবং সহায়ক কর্মকর্তাদের অত্যন্ত কম পারিশ্রমিকে হালনাগাদের কঠিন কাজটি করানোর জন্য সকলেই বিরূপ। একপ্রকার বাধ্য হয়েই কাজটি করছেন।
রাজধানীর ৪১ নম্বর ওয়ার্ডের এআরও আমিরুল হক ভুঁইয়া সাংবাদিকদের জানান, তার অধীনে কাজ করছেন এমন একজন সহায়ক কর্মকর্তাকে একটি হোল্ডিং নম্বরেই সারাদিন কাটিয়ে দিতে হয়েছে। বিদ্যমান তালিকা অনুসারে ওই বাড়িতে আগের বার অর্থাৎ ২০০০ সালে যারা ভোটার হয়েছিলেন, তাদের কেউই এখন ওই ঠিকানায় বসবাস করেন না।
একই কথা বলেন ২৩/বি ওয়ার্ডের এআরও লুবনা ইয়াসমিন।
বিশেষজ্ঞদের ধারণা, নির্বাচন কমিশন এবারও হালনাগাদের কাজে লেজেগোবরে অবস্থার মুখোমুখি হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের একজন উর্ধতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অবস্থা বুঝে হালসাগাদের সময় আগস্টের শেষ পর্যন্ত বাড়ানো হতে পারে।
