লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ
লেবানন ও ফিলিস্তিনে বর্বরোচিত ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে শুক্রবার কয়েকটি রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন প্রতিবাদ সমাবেশ পালন ও বিক্ষোভ দেখিয়েছে।
বিক্ষোভকারীরা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পোড়ায় এবং এই অন্যায় যুদ্ধে ইসরায়েলকে সমর্থনের জন্য জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে নিন্দা জানায়।
রাজধানীতে শুক্রবার জুমা’র নামাজ শেষে হাজার হাজার প্রতিবাদী মানুষ রাস্তায় বেরিয়ে বিক্ষোভ মিছিল করে এবং জনসমাবেশ করে ইসরায়েলের এই হামলার বিরোধীতা করে। মিছিলটি ইসরায়েল, যুক্তরাষ্ট্র , জাতিসংঘ এবং যুক্তরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে দিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।
বায়তুল মোকাররম মসজিদের সামনে দেশের বিভিন্ন ইসলামিক রাজনৈতিক সংস্থাগুলো এক হয়ে ‘বাংলাদেশের সম্মিলিত প্রতিবাদ’ ব্যানারে রাজধানীর সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশটি আয়োজন করে ।
হিজবুত তাহরীর, বাংলাদেশ নিজাম-ই-ইসলাম পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), আহলে হাদীস আন্দোলন, ইসলামিক পরিষদ, খেলাফত আন্দোলন পরিষদ, ইসলামি ঐক্য আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় গণমুক্তি আন্দোলন, কোরআন প্রচার সংস্থা, গণতান্ত্রিক সর্বহারা পার্টি এবং নাদওয়াতুল ওলেমা বাংলাদেশ এই প্রতিবাদ মিছিলে অংশ নেয়।
এর আগে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এক সমাবেশে নেতারা বিশ্বের মুসলিম উম্মাহকে এক হবার আহবান জানিয়ে ইহুদী এবং খ্রীস্টানদের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান। বক্তারা এসময়ে মুসলমানদেরকে ইহুদী এবং খ্রীস্টানদের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করারও আহবান জানান।
সমাবেশে বক্তারা চারদলীয় ঐক্যের বর্তমান সরকারকে নিন্দা জানিয়ে বলেন, জোট সরকার মার্কিন যুক্তরাষ্ট্র ,যুক্তরাজ্য এবং ইহুদীদের তাঁবেদার সরকারে পরিনত হয়েছে।
বক্তারা আরো বলেন, দেশের অন্যান্য অনেক ইসলামিক এবং রাজনৈতিক দল ইহুদীদের এই আগ্রাসনকে সমর্থন জানিয়ে আসছে। ইসলামী খেলাফতের অধীনে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়ে নেতারা সকলকে এসব ইহুদীপন্থী দলগুলো থেকে দূরে থাকবার আহবান জানান।
এছাড়া লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীর কাঁটাবন এবং পুরোনো পল্টন এলাকায়ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকার বিভিন্ন মসজিদে জুমা’র সময়ে খুতবা’র মধ্য দিয়েও ইসরায়েলি হামলার প্রতিবাদ জানানো হয়।
