নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করে সরকার দেশে অচলাবস্থা সৃষ্টি করতে চায়: জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বলেছেন, বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা কুক্ষিগত রাখতে সংস্কার না মেনে নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করে দেশে অচলাবস্থা সৃষ্টি করতে চায়।
কর্নেল তাহের দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আব্দুল জলিল এখনও ১৪ দলের বাইরে অবস্থানরত মুক্তিযুদ্ধের পক্ষের সকল দল ও সংগঠনকে বিরোধী দলের সম্মিলিত প্ল্যাটফরমে এসে সরকারের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে বৃহত্তর ঐক্য গড়ার আহ্বান জানান।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গণফোরাম ও জাতীয় ঐক্যমঞ্চের সভাপতি ড. কামাল হোসেন বলেন, অশুভ শক্তির হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে জনগণের ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগিয়ে রাজপথের সংগ্রাম বেগবান করতে হবে।
তিনি বলেন, অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের ঐক্য হয়েছে। এ ঐক্যের পথ ধরে সর্বস্তরের মানুষকে সংঘবদ্ধ ও আন্দোলনে সম্পৃক্ত করে বিজয় ছিনিয়ে আনতে হবে।
সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান, ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, জাসদ সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, কার্যকরি সভাপতি মইন উদ্দিন খান বাদল, সহ--সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, শিরিন আখতার এবং কর্নেল তাহের সংসদের সভাপতি কামাল লোহানী আলোচনায় অংশ নেন।
