সংস্কার ইস্যুতে বিরোধী দল শর্তহীন আলোচনার প্রস্তাব দিলে বিবেচনা করবো: মান্নান ভূঁইয়া
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া আবারো বলেছেন, সংস্কার ইস্যুতে বিরোধী দল শর্তহীন কোনো আলোচনার প্রস্তাব দিলে সরকার পক্ষ তা বিবেচনা করবে।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রশ্নে আলোচনার টেবিলে বিরোধী দল কোনো শর্ত দিলে তা বিবেচনা করা যেতে পারে। কিন্তু তারা আলোচনায় বসার আগেই শর্ত দিয়ে বসেছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মঙ্গলবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এরআগে মঙ্গলবার সকালে বায়িং হাউস অ্যাসোসিয়েশন’র একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করে দুই দলের মধ্যে আলোচনার মাধ্যমে রাজনৈতিক অচলাবস্থা নিরসনের আহ্বান জানান।
বিএনপি মহাসচিব বলেন, আমরা আগেই বলেছি, বিরোধী দলের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হলে আমরা আলোচনায় বসতে রাজী আছি। আলোচনার টেবিলে বসে যে কোনো সমস্যার সমাধান হতে পারে।
তিনি বলেন, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে এখনো এ ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়নি। এমন প্রস্তাব আসলে আমরা অবশ্যই বিবেচনা করবো।
সংস্কার ইস্যুতে দুপক্ষের মধ্যে চিঠি চালাচালির বিষয়ে মান্নান ভূঁইয়া বলেন, আলোচনার আগেই চিঠি দিয়ে তারা শর্ত আরোপ করলে তো আলোচনা হবে না। আলোচনার টেবিলে বসে তারা কোনো শর্ত দিলে তা বিবেচনা করা যেতে পারে।
এর আগে দেশের ব্যবসায়ী নেতারা রাজনৈতিক অচলাবস্থার অবসানে বিএনপি মহাসচিব ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ করেন।
