ভোটার তালিকা হালনাগাদে সহায়তা চেয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ইসির চিঠি
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করণের সিদ্ধান্তে বিলম্ব হওয়ার পর বর্তমানে এ কার্যক্রম জোরদারের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে ১৩ জুলাই একটি বৈঠক আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয় সূত্র সোমবার জানায়, স্বরাষ্ট্র, সংস্থাপন, তথ্য, এলজিআরডি, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।
ছয়টি বিভাগের বিভাগীয় কমিশনার, ৬৪ টি জেলার জেলা প্রশাসক, ৮৩ জন নিবন্ধন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা শের-এ-বাংলা নগরে এনইসি মিলনায়তনে অনুষ্ঠেয় বৈঠকে উপস্থিত থাকবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের একটি সূত্র বিডিনিউজকে জানান, ভোটার তালিকা হালনাগাদ কাজে প্রধান নির্বাচন কমিশনার সকলের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখবেন।
সূত্র আরও জানিয়েছে, ভোটার তালিকা হালনাগাদে এর আগের সিদ্ধান্তে ইতোমধ্যে অনেক সময় অপচয় হয়ে গেছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের সিদ্ধান্ত এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন সংশ্লিষ্ট বিভাগের পক্ষে এ কাজ যথাসময়ে শেষ করা খুবই কঠিন হবে।
