জাতীয় সংসদে ২০০৬-০৭ অর্থবছরের জন্য ৮৮,৭৩২ কোটি টাকার বাজেট পাস
জাতীয় সংসদে বৃহস্পতিবার চলতি ২০০৬--০৭ অর্থবছরের জন্যে ৮৮ হাজার ৭ শ’ ৩২ কোটি টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের ওয়াকআউট ও তাদের অনুপস্থিতিতে পাসকৃত এ বাজেটের মধ্যে মূল বাজেট ৬৭ হাজার ৮৩ কোটি ২৩ লাখ ৮২ হাজার টাকা এবং সংযুক্ত তহবিলের ওপর দায় ২১ হাজার ৬৪৮ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার টাকা। আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছরে এ বাজেট কার্যকর হবে।
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সংসদে ’নির্দিষ্টকরণ আইন, ২০০৬’ বিল উত্থাপন করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
এর আগে গত ১৪ জুন থেকে ২৮ জুন বুধবার পর্যন্ত প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং বিভিন্ন দলের সদস্যরা বাজেটের ওপর আলোচনা করেন।
বাজেটের ৪৮টি দাবির মধ্যে ৭টি দাবির ওপর আলোচনা হয়। তবে বিরোধী দলের পক্ষ থেকে আরো অন্তত: ৩০ মিনিট আলোচনার দাবি করা হলে স্পিকার প্রথমে সম্মতি দেন। পরে প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী ও সরকারি দলের সদস্য জয়নাল আবেদীন ফারুক এতে আপত্তি করেন।
তাদের আপত্তির মুখে ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকী অন্য কোনো দাবির ওপর আলোচনা না করার সিদ্ধান্ত জানান। এ সময় বিরোধী দল আওয়ামী লীগের সদস্যরা ওয়াকআউট করেন এবং বাজেট প্রত্যাখ্যানের ঘোষণা দেন।
যদিও পরে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার হস্তক্ষেপে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দাবির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়া বাকি দাবিগুলো কোনো আলোচনা ছাড়াই কন্ঠ ভোটে (গিলোটিন) নিষ্পত্তি হয়। তবে সরকারি দলের সদস্যদের সংখ্যাগরিষ্ঠতায় বিরোধী দলের সকল দাবি নাকচ হয়ে যায়।
পাস হওয়া বাজেটের সর্বোচ্চ বরাদ্দ রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৬১৮২ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার টাকা। এছাড়াও প্রতিরক্ষা খাতের জন্য সংযুক্ত তহবিলের দায়সহ ৫৮৭২ কোটি ৩ লাখ ৭ হাজার টাকা, স্থানীয় সরকার বিভাগের ৬১২৫ কোটি ৮ লাখ ২১ হ্জাার টকা, যোগাযোগ মন্ত্রণালয়ের জন্য ৫৪৪০ কোটি ৮৫ লাখ ৮৬ হাজার টাকা, বিদ্যুৎ বিভাগের জন্য ৩৫৮৮ কোটি ২৬ লাখ ১৫ হাজার টাকা এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ১৯৯৪ কোটি ৮৯ লাখ ৯ হাজার টাকা।
এছাড়া কৃষি মন্ত্রণালয়ে ৩১৫৫ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার টাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৩৩৮৬ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার টাকা, অর্থ বিভাগে ২২৯৪০ কোটি ৩৮ লাখ ৬৬ হাজার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ৪৫২৭ কোটি ১৮ লাখ ১৩ হাজার টাকা, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগে ৪৭২২ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ৪৭৯৬ কোটি ৯২ লাখ ৫১ হাজার টাকা, খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে ৪৬০৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে ১৪৬৫ কোটি ৯২ লাখ ৯২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্যে ৪১০ কোটি ৫০ লাখ ৯৭ হাজার, নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ১৪৫ কোটি ১ লাখ ১৮ হাজার, রাষ্ট্রপতির কার্যালয়ের জন্যে ৪ কোটি ৫২ লাখ ৪৯ হাজার টাকা এবং জাতীয় সংসদের জন্যে ৫৪ কোটি ৬৯ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
