অসুস্থ্য রাষ্ট্রপতিকে নিয়ে যারা রাজনীতি করছে তারা মানুষ নয়: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বৃহস্পতিবার বলেছেন, অসুস্থ রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে নিয়ে রাজনীতি যারা করছে তারা মানুষ নয়, তারা জ্ঞানপাপী।
তিনি বলেন, তারা জানেন, অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ একজন নির্বাচিত রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদে এ বছরের জানুয়ারিতে তারা সংসদ থেকে ওয়াক আউট করেছিলেন, কিন্তু অসুস্থ রাষ্ট্রপতির জন্যে এখন তাদের শ্রদ্ধা উথলে উঠছে। তাদের কার্যক্রম ও আচরণ এতটাই নিচে নেমে গেছে যে তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিজেএএফ) আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আইনমন্ত্রী এ কথা বলেন। বিজেএএফ বিরোধী দলীয় সমর্থক আইনজীবীদের সংবিধানিক কার্যালয় ও প্রতিষ্ঠানকে বিতর্কিত করে তোলার ষড়যন্ত্রের প্রতিবাদে তারা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
অ্যাড. খন্দকার মাহবুবউদ্দিন আহমেদের সভাপতিত্বে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) শহীদ আব্দুল আহাদ হলে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার মওদুদ বলেন, যারা পৃথক ও স্বাধীন বিচার বিভাগের দাবিতে কান্নাকাটি করছে তাদের এ মন্তব্য জাতির কাছে গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি বলেন, ১৯৭৫ সালে আওয়ামী লীগ বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছিল। এখন তারাই নির্বাহী বিভাগকে বিচার বিভাগ থেকে পৃথক করার দাবি তুলছে। অবরোধ কর্মসূচি নিষিদ্ধ করে হাইকোর্ট যে রায় দিয়েছে তা মানেনি। তারা সবসময় দ্বৈত ভূমিকায় অভিনয় করছে। তিনি বলেন, জাতীয়তাবাদী আইনজীবীরা বিচার বিভাগ কিংবা বাংলাদেশের অন্য কোনও প্রতিষ্ঠানকে ধ্বংস হতে দেবে না।
মওদুদ আহমেদ বলেন, আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা আদালতের রায়ের বিরোধিতা করেছে, তারা বিচারক ও আইনজীবীদের আদালতে প্রবেশ করতে দেয়নি। রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদকে নিরপেক্ষ ব্যক্তি হিসেবে উল্লেখ করে কিছু সংবাদপত্রে সম্পাদকীয় লেখা হয়েছে। অপরদিকে আমরা বিচার বিভাগের ভাবমূর্তি সমুন্নত রাখতে সবসময়ই আদালতের আদেশ মেনে নিয়েছি।
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, বিরোধী দলীয় আইনজীবীরা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে সংবিধানিক কার্যালয়গুলোকে অকেজো করে দেওয়ার ষড়যন্ত্র করছে এবং নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ১৯৯৬ সালের মতো জনগণকে ধোঁকা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে চাচ্ছে।
তিনি বলেন, চারদলীয় জোট সমর্থক আইনজীবীরা ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেবে। আইনের শাসন, গণতন্ত্রকে ধ্বংস করা এবং বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে আদালত প্রাঙ্গণে বিরোধী দলীয় আইনজীবীদের কর্মসূচি আমরা প্রতিহত করব।
ব্যারিস্টার হুদা বলেন, স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার সংবিধানিকভাবে দায়িত্ব পালন করছেন। এটা কোনও রাজনৈতিক ইস্যু হতে পারে না।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক বলেন, আওয়ামী লীগের ইতিহাস বলে তাদের কাছে কোনকিছুই নিরাপদ নয়।
তিনি বলেন, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা নিয়েও তারা বিতর্ক সৃষ্টি করছেন। তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে আইনজীবীদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আগামীতে ২০০ আসনে বিজয়ী হয়ে চার দলীয় জোট ক্ষমতায় আসবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে ব্যারিস্টার জিয়াউর রহমান খান এমপি, বিএনপির আইন সম্পাদক জয়নাল আবেদীন, অ্যাড. নিতাই রায় চৌধুরী, অ্যাড. একে মজিবুর রহমান, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল এবং হেলালউদ্দিন মোল্লা বক্তব্য রাখেন।
