২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা নিশ্চিত করতে হবে: জাতিসংঘ মিশন

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনসহ সংশি−ষ্ট সকল সাংবিধানিক ও সরকারি কর্তৃপক্ষের প্রতি জনগণের আস্থা নিশ্চিত করতে হবে। জাতিসংঘের একটি মিশন বাংলাদেশ সফরকালে এ অভিমত প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

জাতিসংঘের রাজনীতি বিষয়ক দপ্তর এর নির্বাচনী সহযোগিতা বিভাগের এ মিশনটি সংসদ নির্বাচন পূর্ববর্তী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জাতিসংঘ এই নির্বাচনে কিভাবে সহায়তা করতে পারে তা যাচাই করার জন্য গত ১৮ থেকে ২৭ জুন বাংলাদেশ সফর করে।

ঢাকায় বুধবার প্রকাশিত জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতার বিষয়টি প্রত্যক্ষ করে মিশন সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

মিশন জানায়, রাজনৈতিক দলগুলোর মধ্যে গঠনমূলক আলোচনা বিরাজমান উত্তেজনা কমিয়ে এনে আগামী নির্বাচন সংশি−ষ্ট সকল বিষয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে।

সর্বজনীন ভোটাধিকারের প্রেক্ষিতে ক্রটিমুক্ত এবং যোগ্য নাগরিকদের নাম সংযুক্ত করে ভোটার তালিকা প্রণয়ন নিশ্চিত করা একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের পূর্ব শর্ত বলে এতে উল্লেখ করা হয়।

সুশীল সমাজ এবং সংবাদ মাধ্যমের জন্য নির্বাচন সংশি−ষ্ট কার্যক্রম খোলামেলাভাবে, নিরাপদে এবং কোন প্রকার প্রতিবন্ধকতা ছাড়া পর্যবেক্ষণের সুযোগ সৃষ্টি করার ব্যাপারে মিশন সুপারিশ করেছে।

মিশনের সদস্যরা তাদের সফরকালে বাংলাদেশ নির্বাচন কমিশন ও এর সচিবালয় এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে সরকারের প্রতিনিধি, রাজনৈতিক দলসমূহ, সুশীল সমাজ, সংবাদ মাধ্যমের প্রতিনিধিসহ অনেকের সাথে সাক্ষাৎ করেন। এদের সবার সাথে সাক্ষাৎকারের সময় তাদের আন্তরিক সহযোগিতার জন্য মিশন সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সফরকালে মিশন সদস্যরা বাংলাদেশে একটি সুপ্রতিষ্ঠিত নির্বাচনী ধারার উপস্থিতি লক্ষ্য করেছেন বলে জানান, যার মাধ্যমে এদেশের জনগণ অনেকটা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারছে এবং সরকার পরিবর্তন করতে পারছে।

এতে আরো বলা হয়, একটি শান্তিপূর্ণ, অবাধ এবং সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার স্বার্থে উপযুক্ত সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ প্রস্তুত রয়েছে।