২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমএন লারমার পর সংসদে মনিস্বপন দেওয়ান আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি চাইলেন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান দেশের ভাষাগত সংখ্যালঘু আদিবাসীদের স্বীকৃতি দেওয়ার জন্য সংবিধান সংশোধনের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2006, 05:43 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

তিনি বলেন, এটি এখন সময়ের দাবি। আওয়ামী লীগের ভুলের প্রায়শ্চিত্ত করার সময় এসেছে। বুধবার জাতীয় সংসদের বাজেট আলোচনায় ১০ মিনিটের বক্তব্যে তিনি এ দাবি জানান।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তথা শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা, স্বতন্ত্র সাংসদ এমএন লারমা ১৯৭২ সালে জাতীয় সংসদে একই ধারণের প্রস্তাবনা আনেন। কিন্তু তার দাবি উপেক্ষিত হওয়ায় তিনি গেরিলা যুদ্ধের সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেন।

এমএন লারমার পর এই প্রথম কোনো আদিবাসী পাহাড়ি নেতা সংসদ অধিবেশনে আবারো আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানালেন। 

সাবেক গেরিলা গ্র“প শান্তিবাহিনীর নেতা মনিস্বপন দেওয়ান সংসদ অধিবেশনে বলেন, ১৯৭২ সালে সংবিধান রচনার আগেই প্রস্তাব এসেছিলো আদিবাসী পাহাড়িদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার। সংবিধান রচনার পরেও এ দাবি অব্যাহত থাকে। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার সংখ্যাগরিষ্ঠতা পেয়েও এ দাবি মানেনি।

উপমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সেসময় যে ঐতিহাসিক ভুল করেছিল, এখন সময় এসেছে সেই ভুল সংশোধনের। বাংলাদেশ শুধু বাঙালির দেশ নয়; এটি বহুজাতি সত্ত্বারও দেশ। পার্বত্য চট্টগ্রামসহ এ দেশে ৪৫টি ক্ষুদ্র জাতিসত্ত্বা নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে যুগ যুগ ধরে বসবাস করছে। তাদেরও রয়েছে সাংবিধানিক স্বীকৃতি নিয়ে মানুষের মতো মাথা উঁচু করে বাঁচবার অধিকার।

তিনি বলেন, সংবিধান কোনো কোরান শরিফ, বাইবেল, গীতা বা ত্রিপিটক নয় যে এটি সংশোধন করা যাবে না। মানুষের জন্যই সংবিধান। মানুষের প্রয়োজনে অতীতে এটি বহুবার সংশোধন করা হয়েছে। তাই আদিবাসীদের স্বার্থের কথা বিবেচনা করে আবারো এটি সংশোধন করা প্রয়োজন।

উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান পরে বিডিনিউজকে জানান, তিনি সংবিধান সংশোধন করে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার একটি প্রস্তাবনা শিগগিরই সংসদীয় স্থায়ী কমিটিতে আনবেন।

এদিকে দেশের ৪৫টি আদিবাসীদের জাতীয় সংগঠন বাংলাদেশ আদিবাসী ফোরাম উপমন্ত্রীর এ বক্তব্যকে স্বাগত জানিয়েছে।

আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক, বিশিষ্ট আদিবাসী লেখক সঞ্জিব দ্রং বিডিনিউজকে বলেন, সরকারের একজন উপমন্ত্রী হয়েও আদিবাসী নেতা হিসেবে মনিস্বপন দেওয়ান যে সাহসী বক্তব্য জাতীয় সংসদে দিয়েছেন, আমরা এ জন্য তাকে অভিনন্দন জানাই।

তিনি বলেন, ১৯৭২ সালে আওয়ামী লীগ সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও আদিবাসীদের এই প্রাণের দাবি মানেনি। এখন আমরা আশা করি, জোট সরকার যেহেতু সংসদে সংখ্যাগরিষ্ঠ; তারা এই দাবি মেনে আগামী অধিবেশনেই এ ব্যাপারে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

তিনি আরো বলেন, আদিবাসীদের সাংবিধানক স্বীকৃতি দিলে বাঙালি জাতি অনেক গৌরবান্বিত হবে; আদিবাসীরা পাবে মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা।