২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির শারিরীক অবস্থার খোঁজ খবর নিতে একটি সংসদীয় কমিটি গঠনে আ.লীগের প্রস্তাব

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ দেশে একইসাথে দুজন রাষ্ট্রপতি থাকার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। তারা রাষ্ট্রপতির শারিরীক অবস্থার খোঁজ খবর নিতে একটি সংসদীয় কমিটি গঠনে স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2006, 08:23 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে সংসদের বৈঠকে আওয়ামী লীগের মোহাম্মদ নাসিম পয়েন্ট অব অর্ডারে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন। তবে সরকারি দলের সদস্যরা দাবি করেন, দেশে একজন রাষ্ট্রপতিই রয়েছেন।

মোহাম্মদ নাসিম বলেন, রাষ্ট্রপতি সুস্থ হয়ে বঙ্গভবন ফিরে যাওয়ার পরও সেখানে একজন অস্থায়ী রাষ্ট্রপতি কি করে থাকে?

তিনি আরো বলেন, বঙ্গভবন রাষ্ট্রপতি ভবন এবং আমাদের সার্বভৌমত্বের প্রতীক। বঙ্গভবন কোনো বিশ্রামাগার বা অস্থায়ী নিবাস নয়।

তিনি বলেন, রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহম্মেদ একবার মাত্র বাইপাস সার্জারি করেই যদি দায়িত্ব পালনে অক্ষম হন তবে অস্থায়ী রাষ্ট্রপতি জমিরউদ্দিন সরকার ডাবল বাইপাস করে কি করে সক্ষম থাকেন? তিনি এ ব্যাপারে সরকারের বক্তব্য দাবি করেন।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, রাষ্ট্রপতি চিকিৎসকদের পরামর্শে ১৫ দিনের পূর্ণ বিশ্রামে রয়েছেন। তিনি তার কার্যভার গ্রহণ করতে পারেননি। তিনি দায়িত্বগ্রহণে সক্ষম হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে দুজন নয়, একজন রাষ্ট্রপতিই রয়েছেন। অনেকেই জেনে শুনে অযথাই বিতর্ক সৃষ্টির চেষ্টা করছেন।

পরে বাজেট আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেন, রাষ্ট্রপতির অনুপস্থিতি বা অক্ষমতায় স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হবেন না। কিন্তু বর্তমান সরকার তাকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে উলে¬খ করছেন। তাছাড়া ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কি করে পতাকা ব্যবহার করেন অথচ নির্বাচিত রাষ্ট্রপতি পতাকাবিহীন গাড়িতে বঙ্গভবন ফেরেন এ প্রশ্নও তোলেন আওয়ামী লীগ সাংসদরা।