পিডিবি’র প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট
চট্টগ্রামের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রকৌশলী এএইচএম আমিনুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি মামলার কার্যক্রম হাইকোর্ট বুধবার আগামী চার মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন। দুর্নীতি দমন কমিশন (এসিসি) তার বিরুদ্ধে এ মামলা দায়ের করে।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এএইচএম আমিনুল ইসলামের দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে বুধবার একটি রুল জারি করেন। রুলে কেন আমিনুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ অবৈধ হবে নাÑ সে ব্যাপারে এসিসি'কে আগামী ছয় সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেওয়া হয়।
বেতনের বাইরে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আমিনুল ইসলামের বিরুদ্ধে এসিসি’র চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক জাহাঙ্গীর আলম ৫ জুন ডাবল মুরিং থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সংশি¬ষ্ট আইনের অধীনে মামলা না করায় এসিসি’র অভিযোগের বৈধতা চ্যালেঞ্জ করে আমিনুল ইসলাম বুধবার হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন।
এসিসি’র পরিদর্শক জাহাঙ্গীর আলম এবং ডাবল মুরিং থানার ওসিকে রুলের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রিট আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. এএম আমিনুদ্দিন।
