দেশে শিশু মৃত্যুর হার কমেছে: সংসদে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকারের গৃহিত পদক্ষেপের কারণে গত পাঁচ বছরে দেশে শিশু মৃত্যূর হার ৬৬ দশমিক তিন শতাংশ থেকে ৬৫ শতাংশে নেমে এসেছে।
একই সাথে মাতৃ মৃত্যূর হারও তিন দশমিক দুই শতাংশ থেকে নেমে তিন দশমিক এক শতাংশ হয়েছে।
জাতীয় সংসদে বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়। প্রধানমন্ত্রী এসময় সংসদে উপস্থিত ছিলেন না।
লিখিত প্রশ্নত্তোরে প্রধানমন্ত্রী জানান, সরকার ক্ষমতাসীন হওয়ার পর পরিবার পরিকল্পনা অধিদফতরের ৪৩ হাজার ৫৪০ জন মাঠকর্মীকে রাজস্ব খাতে স্থানান্তর করা হয়েছে।
খালেদা জিয়া বলেন, সরকারের গৃহীত পদক্ষেপের কারণে বিদেশে রপ্তানি বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থ বছরে দেশে রপ্তানি খাত থেকে সরকার আট হাজার ৩৬৫ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে মোট ১১ লাখ ৭৫ হাজার ৬২০ জন কর্মীকে বিদেশে পাঠিয়ে সরকার ১৬ হাজার ৬২৩ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স আয় করেছে।
