আবারো জয়নাল হাজারী!
ফেনীর বহুল আলোচিত ও বিতর্কিত নেতা আতœগোপনকারী জয়নাল হাজারীকে আবারো দলে ফিরে পেতে চান সংশ্লিষ্ট এলাকার আওয়ামী লীগ নেতা কর্মীরা।
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে শনিবার সে দাবিই জানিয়েছেন দলের ফেনী জেলার নেতৃবৃন্দ।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে তৃণমূল নেতাদের সঙ্গে শেখ হাসিনার ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে শনিবার নোয়াখালী, ফেনী ও লক্ষীপুরের জেলা, উপজেলা/থানা এবং প্রথম শ্রেণীর পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জয়নাল হাজারী সম্পর্কিত ফেনী জেলা কমিটি কর্তৃক গৃহীত একটি রেজুলেশেনের কপি দলীয় প্রধানের কাছে দেওয়া হয়।
সূত্র জানায়, ওই রেজুলেশনে জয়নাল হাজারীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি করা ।
ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আজিজ আহমেদ চৌধুরী এর সত্যতা স্বীকার করে জানিয়েছেন, জেলার সাবেক সাধারণ সম্পাদক জয়নাল হাজারীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য দলীয় প্রধানের কাছে অনুরোধ জানানো হয়েছে।
বিষয়টি সময়মতো বিবেচনা করা হবে মর্মে শেখ হাসিনা তাদের আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।
আজিজ চৌধুরী বলেন, জয়নাল হাজারী আমাদের সাংগঠনিক নেতা। তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিএনপি – জামাত জোট ক্ষমতায় আসার পর জনপ্রিয় এ নেতার বিরুদ্ধে প্রচুর রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে। আগামীতে আইনি জটিলতা না থাকলে এবং দল তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আগামী নির্বাচনে মনোনয়ন দিলে সংশ্লিষ্ট এলাকায় দলের শক্তি বৃদ্ধি পাবে।
ফেনী থেকে আগত মাঠ পর্যায়ের অন্যান্য নেতাদের কণ্ঠেও একই সুর শোনা যায়। ফেনীবাসী জয়নাল হাজারীর জন্য অপেক্ষায় রয়েছেন বলে জানান তারা।
বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের বিতর্কিত নেতা জয়নাল হাজারী ভারতসহ বিভিন্ন দেশে স্বেচ্ছা নির্বাসন নিয়ে আতœগোপনে রয়েছেন।
