২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর এক হাত থেকে সংস্কার প্রস্তাবের বাস্তবায়নপত্র অন্য হাত থেকে পদত্যাগপত্র আদায় করা হবে: ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনী সংস্কার প্রস্তাব ঝুলিয়ে রেখে দেশকে রাজনৈতিক অনিশ্চয়তা--সংঘাত--সংঘর্ষ--রক্তপাত ও সম্পদহানীর দিকে ঠেলে দিচ্ছেন। তার এক হাত থেকে নির্বাচনী সংস্কার প্রস্তাবের বাস্তবায়নপত্র অন্য হাত থেকে পদত্যাগপত্র আদায় করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2006, 07:14 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি বৃহস্পতিবার বিকেলে নবীনগর উপজেলার জিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

জোট সরকার তাদের ছায়া তত্ত্ববধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলেও পার পাবে না। বিচারপতি কেএম হাসানকে প্রধান উপদেষ্টা, এমএ আজিজকে প্রধান নির্বাচন কমিশনার আর বর্তমান নির্বাচন কমিশনকে বহাল রেখে প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না।

তিনি জনগনের প্রতি এক হাতে বাঁশের লাঠি, আর আরেক হাতে ব্যালট পেপার নিয়ে আগামী নির্বাচন মোকাবেলায় প্রস্তুত হওয়ার আহবান জানান।

ডা. শহীদুল হকের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাড. শাহ জিকরুল আহমেদ খোকন, জাসদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আজিজুর রহমান, জাসদ ছাত্রলীগ সহ--সভাপতি হোসাইন আহমেদ তফসির, জাসদ নেতা অ্যাড. আখতার হোসেন সাইদ, আলতাফ হোসেন নিজামী প্রমুখ।