দেশব্যাপী লাগাতার ৩৬ ঘন্টার হরতালের দ্বিতীয় দিন পালিত হচ্ছে
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ডাকা দেশব্যাপী ৩৬ ঘন্টা লাগাতার হরতালের প্রথম দিনে পিকেটারদের সাথে পুলিশের সংঘর্ষ, যানবাহন ভাংচুর এবং অগ্নিসংযোগের মধ্য দিয়ে দ্বিতীয় দিন বুধবার পালিত হচ্ছে।
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অপর দুই নির্বাচন কমিশনারকে অপসারণ, নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ এবং বিরোধী নেতা কর্মীদের ওপর পুলিশি হামলা, নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে ১৪ দল এ হরতালের ডাক দেয়।
প্রথম দিন পুলিশ হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করতে গুলি, টিয়ার গ্যাস নিক্ষেপ, ধাওয়া এবং লাঠিচার্জ করে।
হরতালের প্রথম দিনে হরতালকারীদের মিছিলে পুলিশি হামলায় নগরীতে কমপক্ষে ১০০ জন পিকেটার আহত হয়। ঢাকায় হরতাল ইস্যুতে অর্ধশতাধিক নেতা কর্মীকে আটক করা হয়।
বিরোধী দলের নেতা কর্মী এবং সমর্থকরা রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল বের করলে পুলিশ এবং বিডিআর তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, গুলি এবং টিয়ার শেল নিক্ষেপ করে।
দেশব্যাপী হরতালের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং অর্থনৈতিক ক্ষেত্রেও এর বিরূপ প্রভাব পড়ছে।
দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানসহ অনেক প্রাইভেট অফিসগুলো হরতালের কারণে বন্ধ রয়েছে।
ঢাকাসহ দেশের প্রধান প্রধান মহানগর ও শহরের যেসব রাস্তায় শুধু গাড়ি চলাচল করতো হরতালের জন্য সেসব রাস্তাগুলোয় প্রচুর সংখ্যায় রিক্সা চলাচল করছে। রাজধানী ঢাকার সাথে অন্যান্য জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে লঞ্চ এবং রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
১৪ দল আহুত লাগাতার ৩৬ ঘন্টা হরতালের প্রথম দিনে রাজধানীসহ পাবনা, মাদারীপুর, সিরাজগঞ্জ, যশোর, বরিশাল এবং মানিকগঞ্জে হরতাল সমর্থকদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ বাধে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্যে নগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব এবং আধা সামরিক বাহিনী বিডিআর মোতায়েন করা হয়েছে।
১৪ দলের লাগাতার ৩৬ ঘন্টার হরতাল বুধবার সন্ধ্যা ৬টায় শেষ হবে।
