‘বাজেটের বোঝা বর্তাবে পরবর্তী সরকারের ওপর’
অর্থমন্ত্রীর প্রস্তাবিত ধাঁধার বাজেট থেকে আগামী তিন মাস ২৬ দিনে বিএনপি--জামাত জোট সরকারই সবচেয়ে বেশি ফায়দা লুটবে। এরপর তিন মাস তত্ত্বাবধায়ক সরকার কিছুটা সুফল লাভ করলেও পুরো বাজেটের দায়-- দায়িত্ব পড়বে পরবর্তী সরকারের ওপর।
বিকল্প ধারা বাংলাদেশ, জতীয় ঐক্যমঞ্চ ও তরীকত ফেডারেশন সোমবার নগরীর সেগুনবাগিচায় বিকল্প ধারার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া ব্যক্ত করে। সংবাদ সম্মেলনে ১৪ দলের ঢাকা অবরোধ কর্মসূচিতে পুলিশি নির্যাতন ও সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদ জানানো হয়।
এতে বক্তব্য রাখেন বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, ঐক্যমঞ্চের সদস্য সচিব কমান্ডার (অব.) আব্দুর রউফ, তরীকত ফেডারেশনের আলহাজ্ব মওলানা জাকির হোসাইন প্রমুখ।
মেজর (অব.) মান্নান বলেন, এ পর্যন্ত বিএনপির ১২টি বাজেটই গণবিরোধী। এর আগের ১১টি বাজেটে কাঁচামালের ওপর করারোপ করে শিল্প কারখানা ধ্বংস করা হয়েছে। এবার কাঁচামালের ওপর এক শতাংশ কর প্রত্যাহার করে আবার তিন শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, এই নাটকের অর্থ কী?
তিনি আরো বলেন, সরকার প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিলেও তাতে বিনিযোগ বাড়বে না। এতে সাধারণ মানুষের কোনো উপকার হবে না। বাজেটে কালো সাদা করার জন্যে টাকা বাড়ি, ফ্ল্যাট, জমিতে বিনিয়োগ করার সুযোগ দিয়ে দুর্নীতিকে উৎসাহ করা হয়েছে। কিন্তু কল--কারখানা বা হাসপাতাল নির্মাণ করে জনকল্যাণমুখি খাতে কালো টাকা বিনিয়োগ করার কোনো উদ্যোগ সরকারের নেই।
