উচ্চপদস্থ ১৩ আমলার আদালত অবমাননার শুনানি ২৬ জুন
বিচার বিভাগ পৃথকীকরণে আদালতের ১২ দফা নির্দেশনা না মানা এবং আদালতের রায় বিকৃত করার দায়ে অভিযুক্ত উচ্চপদস্থ ১৩ আমলার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের জারি করা রুলের শুনানি আগামী ২৬ জুন পর্যন্ত পেছানো হয়েছে।
অভিযুক্তদের পক্ষে সময় চেয়ে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন, বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রহুল আমিন, বিচারপতি তফাজ্জল ইসলাম এবং বিচারপতি আমিরুল কবির চৌধুরীর সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সোমবার শুনানির তারিখ ২৬ জুন নির্ধারণ করেন।
আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে উত্থাপনের জন্য মামলাটি আদালতের দিবসের কার্যতালিকার শীর্ষে ছিল।
মাজদার হোসেন মামলা তথা বহুল আলোচিত বিচার বিভাগ পৃথকীকরণ মামলার আবেদনকারী অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাডভোকেট শহীদুল হক মামলার প্রধান কৌসুলী ও মধ্যস্থতাকারী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম দেশের বাইরে থাকায় সোমবার সুপ্রিম কোর্টে শুনানির জন্য সময় চেয়ে আবেদন দায়ের করেন।
সুপ্রিম কোর্ট ২০০৪ সালের ২৯ নভেম্বর আদালতের রায় বিকৃত করার দায়ে যে নয়জন উচ্চপদস্থ আমলাকে অভিযুক্ত করেন সোমবার তারা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত অবমাননার দায়ে অভিযুক্ত আমলারা হলেন, সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্মসচিব লোকমান হাকিম, বদরুল আলম তরফদার ও মো. আব্দুল রব হাওলাদার, উপসচিব মো. আবুল কালাম চৌধুরী, ঊর্ধ্বতন সহকারী সচিব মো. খলিলুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শফিকুল ইসলাম তালুকদার, ঊর্ধ্বতন সহকারী সচিব মো. হারুন - অর রশিদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. ফজলুল হক এবং অর্থ মন্ত্রণালয়ের উপসচিব একেএম মোতালেব হোসেন।
আগামী ২৬ জুন তাদের সশরীরে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।
মাজদার হোসেন মামলার মধ্যস্থতাকারী ব্যারিস্টার এম. আমীর উল ইসলাম আনীত আদালত অবমাননা অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩ এপ্রিল প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, আইন সচিব আলাউদ্দিন সরদার, সংস্থাপন সচিব ড. মাহমুদুর রহমান এবং অর্থসচিব সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার আদেশ জারি করেন।
চার কর্মকর্তার মধ্যে তিনজনই ২৪ এপ্রিল ১২ দফা নির্দেশনা মেনে নেওয়ার ক্ষেত্রে তাদের আইনজীবীর মাধ্যমে সর্বোচ্চ আদালতের কাছে ‘অনভিপ্রেত ভুলের’ জন্য ক্ষমা প্রার্থনা করেন।
ক্ষমা প্রার্থনা করে আদালতের জারি করা আদেশের জবাবে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকেন সংস্থাপন সচিব ড. মাহমুদুর রহমান।
সুপ্রিম কোর্টে আদালত অবমাননার শুনানির জন্য ১২ জুন তারিখ ধার্য করেছিল।
