আমাদের মারবেন না, আমরা উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশ মানছি, আমাদের মাফ করে দিন, আমরা চলে যাবো
‘দয়া করে আমাদের মারবেন না...আমরা শুধুৃ আমাদের কর্তৃপক্ষের নির্দেশ পালন করছি...আমাদের মাফ করে দিন...আমরা চলে যাবো’-- রোববার বিরোধী ১৪ দলের ঢাকা অবরোধ কর্মসূচি চলাকালে একদল পুলিশ উত্তেজিত জনতার রোষানলে পড়লে এভাবেই আকুতি জানায়।
কাঁচপুর ব্রিজের কাছে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় পুলিশের ২০ জনের একটি দল কাছের একটি বাড়িতে আশ্রয় নেয়।
উত্তেজিত জনতা ওই বাড়িটি ঘেরাও করে ফেলে।
বিপদ টের পেয়েই কয়েকজন পুলিশ সদস্য কান্নাকাটি শুরু করে। তারা জনতার কাছে ক্ষমা চায়।
পরে বিরোধী দলের স্থানীয় নেতাদের হস্তক্ষেপে তাদের মুক্তি দেওয়া হয়।
এর আগে সকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা কাঁচপুর ব্রিজের কাছে অবস্থান নিলে পুলিশি বাধার সম্মুখীন হয়। পুলিশ বিরোধী নেতাকর্মীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে। এতে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীর, মেজর জেনারেল (অব.) শফিউল্লাহ, মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এবং ওলামা লীগ নেতা হাবিব উল্লাহ কাঁচপুরীসহ শতাধিক লোক আহত হয়।
গুরুতর আহত ৩০জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
