হাইকোর্টে আইনজীবীদের সমাবেশ, মানববন্ধন: প্রধান বিচারপতিকে পৃষ্ঠ প্রদর্শণ
অবরোধের সকালে হাইকোর্টের সামনে বিরোধী দলীয় আইনজীবীদের বাধার মুখে প্রধান বিচারপতিসহ বেশ কয়েকজন বিচারপতি আদালতে প্রবেশ করতে পারেননি।
প্রত্যক্ষদর্শী জানায়, সকাল পৌনে ৯ টার দিকে ২০ -- ২৫ জন আইনজীবী প্রধান ফটকের সামনে প্রধান বিচারপতি জেআই মোদাচ্ছিরকে আদালতে প্রবেশ করতে বাধা দেন। তারা প্রধান বিচারপতিকে পৃষ্ঠ প্রদর্শণ করেন।
পরে প্রধান বিচারপতি হাইকোর্ট মাজার রোড দিয়ে আদালতে প্রবেশ করেন।
বিরোধী দলের আইনজীবীদের বাধার মুখে ১৫ -- ১৬ জন বিচারপতি আদালতে প্রবেশ করতে পারেননি। এছাড়া বাধার মুখে অবরোধ কর্মসূচির বিরুদ্ধে রীট আবেদনকারী অ্যাডভোকেট গাজী রবিউল ফিরে যান।
সকালে বিচারপতি হাসান আমিন গাড়ি নিয়ে আদালতে প্রবেশ করতে চাইলে বাধার মুখে পড়েন। পরে তিনি হেঁটে আদালতে প্রবেশ করতে চাইলে আইনজীবীরা রাস্তায় শুয়ে পড়ে অবরোধ সৃষ্টি করেন। সেখানে তার সঙ্গে প্রতিবাদী আইনজীবীদের বাক -- বিতণ্ডা হয়। পরে তিনি আদলতে প্রবেশ না করেই ফিরে যান।
সকাল ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত আইনজীবীরা হাইকোর্টের প্রধান ফটকের সামনে মাইক নিয়ে সমাবেশ ও মানববন্ধন রচনা করেন।
ভোর থেকেই বন্ধবঙ্গু এভিনিউ, জিরো পয়েন্ট ও সচিবালয় এলাকায় ছিলো কড়া পুলিশি প্রহরা। এ সব এলাকায় বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
