সংস্কারের ইস্যু না মানলে নির্বাচন হতে দেওয়া হবে না: বিরোধী দল
নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারের সংস্কারের দাবি না মানা পর্যন্ত নির্বাচন হতে দেওয়া হবে না। ১৯৯৬ সালেও সরকারকে দাবি মানতে বাধ্য করা হয়েছে; আগামীতেও তারা এ সব দাবি মানতে বাধ্য হবে।
ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার জাতীয় পার্টির (জেপি) কাউন্সিল ২০০৬-এর উদ্বোধনী অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একথা বলেন।
তবে বিএনপির যুগ্ম মহাসচিব ও মন্ত্রী মির্জা আব্বাস আলোচনার টেবিলে বসে বিভিন্ন সমস্যার সমাধানে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে কাউন্সিলে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাসদের হাসানুল হক ইনু, ১১ দলের সমন্বয়ক আব্দুস সামাদ, বিজেপির মহাসচিব সাইফুর রহমান, গণতান্ত্রিক জাতীয় পার্টির শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব আব্দুর রব ইউসুফী প্রমুখ।
মতিয়া চৌধুরী বলেন, দেশে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য বর্তমান নির্বাচন কমিশনের বিদায় এখন জনতার দাবি। সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারেরও সংস্কার দরকার। কিন্তু সরকার বিরোধী দলের দাবি না মেনে সরকার নির্বাচন করতে চায়। জনগণের দাবি না মেনে সরকার ১৯৯৬ সালেও পার পায়নি; এবারো পার পাবে না।
মির্জা আব্বাস বলেন, জাতিকে বিভক্ত করে কোনো দেশের উন্নতি হয়নি; ভবিষ্যতেও হবে না। তাই দেশের উন্নয়নের স্বার্থেই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে।
তিনি বলেন, আলোচনার প্রক্রিয়া চলছে; আলোচনায় আসুন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন। আলোচনা ফলপ্রসু না হলে প্রত্যাখ্যান করতে পারেন। কিন্তু আলোচনায় বসবো না বললে চলবে না।
হাসানুল হক ইনু বলেন, দেশের মানুষ ৩৫ বছর পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু সরকার ক্ষমতা ছাড়তে চায় না। তাই তারা আগামী নির্বাচনে জেতার সকল প্রস্তুতি চূড়ান্ত করছে। কিন্তু জনগণের দাবি না মেনে কেউ ক্ষমতায় থাকতে পারবে না।
আনোয়ার হোসেন মঞ্জু একটি জোটে যোগ দেওয়ার ইঙ্গিত করে বলেন, জেপি এখন আর একলা চলো নীতিতে চলবে না। আমরা একটি জোটে যোগ দেবো।
তবে এ ব্যাপারে তিনি স্পষ্ট কোনো ঘোষণা দেননি।
