ঢাবি সাংবাদিকদের ওপর হামলার পর রমনা থানায় ৩১টি জিডি
ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের লাঞ্চিত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার রাতে রমনা থানায় পৃথক ৩১টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
একক কোন ঘটনায় এত সংখ্যক সাধারণ ডায়রি দায়ের করার ঘটনা ঢাবি সাংবাদিক সমিতির ইতিহাসে এটাই প্রথম।
জিডিগুলোর মধ্যে ঢাবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে দায়ের করা হয়েছে ৩০টি (ডায়রি নম্বর ৬৬২-৬৯২) এবং সমিতির সাধারণ সম্পাদক সমিতির সবার পক্ষে আলাদা একটি জিডি (জিডি নং- ৬৬১) করেছেন।
সমিতি নেতৃবৃন্দ বলেন, অপ্রীতিকর ঘটনার পর কতিপয় ছাত্রলীগ নেতারা টেলিফোনে সাংবাদিক নেতাদের হুমকি দিলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে বাধ্য হয়েই তারা এসব জিডি করেছেন।
সমিতি নেতৃবৃন্দ জানান, জড়িতদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নেওয়া হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
এক প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, কর্মসূচীর মধ্যে শনিবার ঢাবি ক্যাম্পাসে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল, রবিবারের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে চিহ্নিতদের বিরুদ্ধে মামলা দায়ের এবং মঙ্গলবার অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র-শিক্ষক-সাংবাদিক সমাবেশ করা হবে।
