কুয়েতের আমীর শনিবার ঢাকা পৌঁছুবেন
এশিয়া সফরের অংশ হিসেবে কুয়েতের আমীর শেখ সাবাহ আল-আহমদ আল-জাবার আল-সাবাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে শনিবার ঢাকা আসছেন।
চার দেশ সফরের কর্মসূচির অংশ হিসেবে প্রথমেই ঢাকা আসবেন কুয়েতের আমীর। পরে তিনি ভারত, পাকিস্তান ও থাইল্যান্ড সফরে যাবেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে অভ্যার্থণা জানাবেন। এসময় তাকে ব গার্ড অব অনার প্রদান করা হবে।
সফরকালে রোববার আমীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সাথে দ্বিপাক্ষিক একান্ত আলোচনায় বসবেন।
“এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হবে” শুক্রবার সরকারি সুত্র জানায়।
১৯৭৩ সাল থেকে কুয়েত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় রয়েছে ও ১৯৭৪ সালে কুয়েতে বাংলাদেশের দূতাবাস স্থাপন করা হয় এবং একই বছর বাংলাদেশেও কুয়েতি দূতাবাস স্থাপিত হয়।
কুয়েতের প্রয়াত আমীর শেখ জাবের আল--আহমদ আল--জাবের আল--সাবাহ ১৯৮০ সালে বাংলাদেশ সফরে আসেন এবং এই সফরের উদ্দেশ্য ছিল দুই দেশ ও দেশের জনগণের মধ্যেকার সম্পর্ক দৃঢ় করা।
১৯৯৫ সালে একই উদ্দেশ্যে কুয়েতের যুবরাজ প্রধানমন্ত্রী শেখ সাদ আল--আব্দুল্লাহ আল--সেলিম বাংলাদেশ সফরে আসেন।
দুই দেশের সুসম্পর্কের কারণেই ১৯৯০ সালের কুয়েত দখলের সময় বাংলাদেশ কুয়েতকে সমর্থন করে এবং কুয়েতের যুদ্ধে বাংলাদেশ সেনা পাঠায়।
১৯৯১ সালে যুদ্ধের সময় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সমর্থন ব্যক্ত করার জন্যে কুয়েত যান এবং সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ২০০৬ সালের মে মাসে পূণরায় কুয়েত সফর করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ২০০০ সালের অক্টোবর মাসে কুয়েত সফরে যান।
২০০০ সালে শ্রমিক বিষয়ে বাংলাদেশ কুয়েতের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় এতে সেদেশে বাংলাদেশী শ্রমিক নিয়োগের ক্ষেত্রে একটি বিধি প্রণীত হয় এবং বাংলাদেশী দক্ষ, বিশেষজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক প্রেরণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এদিকে সরকারি সূত্র জানায়, কুয়েত প্রেট্রোলিয়াম কর্পোরেশন (কেপিসি) বাংলাদেশে উন্নয়নখাতে বিশেষত তেল মজুত ও পরিশোধন কারখানা নির্মাণেবড় ধরণের বিনিয়োগের পরিকল্পনা করছে।
কেপিসি বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ব তেল কোম্পানির সাথে যৌথভাবে এই বিনিয়োগ করবে।
দুই দেশের মধ্যেকার যৌথ প্রকল্প নিয়ে আলোচনা করতে কেপিসি’র উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ১১ জুন বাংলাদেশ সফর করবে।
