২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার দেশকে সংঘাতের পথে নিয়ে যাচ্ছে, ১২ জুন থেকে হরতালসহ কঠোর কর্মসূচি: ১৪ দলের ব্রিফিংয়ে জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি অভিযোগ করেছেন, বিএনপি জামাত জোট সরকার দেশকে সংঘাতের পথে নিয়ে যাচ্ছে। আগামী ১১ জুনের ঢাকা অবরোধ কর্মসূচি সর্বাতœকভাবে সফল করার জন্যে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক ধারার এই কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে সারা দেশে পাঁচ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 07:12 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার ১৪ দল আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আব্দুল জলিল সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, আগামী ১১ জুনের মধ্যে এই গণগ্রেপ্তার, হয়রানি--নির্যাতন বন্ধ এবং প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য দুই কমিশনারকে অপসারণ করা না হলে ১২ জুন থেকে হরতালসহ লাগাতার কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

ঢাকা অবরোধ কর্মসূচি শেষে নতুন এ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান। 

সকল বাধা বিপত্তি উপেক্ষা করে ১১ জুনের ঢাকা অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওই দিন সারা দেশ থেকে রাজধানীকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। ঢাকাকে করা হবে অবরুদ্ধ।

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে সরকারি দলের সঙ্গে আলোচনার প্রসঙ্গে ১৪ দলের সমন্বয়ক সরকারের উদ্দেশে বলেন, এখনও সময় আছে। স্বাধীনতাবিরোধী জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট যুদ্ধাপরাধীদের নাম তালিকা থেকে বাদ দিন। আলোচনার পরিবেশ সৃষ্টি করলে সংস্কার বাস্তবায়নে আমরা আলোচনায় বসতে রাজি আছি।

আব্দুল জলিল বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অপর দুই কমিশনারকে অপসারণ না করা পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজও করা যাবে না।

এসময় আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।