২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে লুটপাট ও ভোটার ভুলাতে দিক নির্দেশনাহীন ধোঁকাবাজির বাজেট: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ২০০৬ - ২০০৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে বলেছেন, দেশ পরিচালনায় ব্যর্থ দুর্নীতিবাজ জোট সরকার নির্বাচনকে সামনে রেখে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য লুটপাট ও ভোটার ভুলানোর ভাঁওতাবাজির বাজেট দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 03:27 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

ধানমণ্ডির কার্যালয়ে শুক্রবার আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দায়িত্বহীন এই বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুত উৎপাদনসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ের ওপর কোনো দিক নির্দেশনা নেই। জোট সরকারের এই বাজেট ছেলের হাতের ললিপপ। বিএনপি জামাত জোট জনগণকে বলবে ‘চুষে খাও, আর আমাদের ভোট দাও’।

নির্বাচনের সময় লুটপাট করে খাওয়ার জন্যই বাজেটে চার হাজার কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

জোট সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা তুলে ধরে আওয়ামী লীগ প্রধান বলেন, লুটপাটকারী সরকার প্রতিটি বাজেট দেয় ঢালাওভাবে। জনগণকে বিভ্রান্ত করতে দেওয়া বড় অংকের বাজেটের অধিকাংশই বাস্তবায়িত হবে না।

‘নীতিহীন জোট সরকারের বিশাল অংকের টাকার ঋণের কারণে পরবর্তী সরকার সংকটে পড়বে’ বলেও মন্তব্য করেন তিনি। 

আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া বিভিন্ন বাজেট এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার কথা উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করেই আমরা বাজেট দিয়েছি। বাজারে এর নেতিবাচক প্রভাব পড়েনি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়েনি। কিন্তু জোট সরকার বাজেট দেওয়ার সঙ্গে সঙ্গে বাজার হয়ে পড়েছে অস্থিতিশীল। জ্বালানির দাম বৃদ্ধির কারণে কৃষকসহ সাধারণ মানুষের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।

দেশের সার্বিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী হাওয়া ভবনের সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন। জোট নেতা কর্মীরা দুর্নীতি করে জনগণের অর্থ সম্পদ লুট করছে। আর জনগণকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না।    

শেখ হাসিনা আগামী ১১ জুনের ঢাকা অবরোধ কর্মসূচি সর্বাতœকভাবে সফল করা এবং সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য চলমান সংগ্রাম ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে দলের সর্বস্তরের নেতা--কর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান।