ঢাবি সংবাদদাতাদের লাঞ্ছিত করার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন
ছাত্রলীগ নেতা--কর্মীদের হাতে বিভিন্ন সংবাদ মাধ্যমের ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টারদের লাঞ্ছিত হওয়ার ঘটনা তদন্তে কর্তৃপক্ষ বৃহস্পতিবার পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।
একদল ছাত্র লীগ নেতা--কর্মী বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে ঢুকে এর সদস্যদের লাঞ্ছিত করে। তখন সেখানে একজন সংবাদ সম্মেলনের মাধ্যমে এক ছাত্র লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করছিলেন।
সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান করা হয়েছে কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ। এর অন্য সদস্যরা হলেন-- টিএসসির উপদেষ্টা মুস্তাফিজুর রহমান, সিন্ডিকেট সদস্য ও আইন অনুষদের অধ্যাপক রহমত উল্লাহ, সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং সহকারী প্রক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।
এদিকে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন ওই ঘটনায় দুঃখ প্রকাশ করলেও জড়িতদের বিরুদ্ধে এখনও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি ছাত্রলীগ।
অন্যদিকে বৃহস্পতিবারও ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি ও যুগান্তরের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মুস্তাক আহমেদ এবং আমার দেশের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মাহবুবুর রহমানকে টেলিফোনে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে।
মুস্তাক আহমেদের কাছে মোবাইল ফোন (০১৭১০৫৬২৯২৪) থেকে জীবননাশের হুমকি দিয়ে একটি মেসেজ পাঠানো হয়েছে। আবার আরেকটি ফোন (০১৯১৪৭০৯৪৪) থেকেও তাকে হুমকি দেওয়া হয়।
এদিকে এ ঘটনায় অন্যতম অভিযুক্ত জহুরুল হক হলের ছাত্রলীগ কর্মী আশরাফ ঘটনার সাথে তার জড়িত থাকার কথা অস্বীকার করেন।
এ ঘটনার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে সাংবাদিক সমিতি নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয় সংবাদদাতারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
