২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐতিহাসিক ৬ দফা দাবি দিবস পালিত

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বুধবার সারা দেশে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত হয়েছে। ১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ‘ম্যাগনা কার্টা’ হিসেবে পরিচিত বাঙ্গালির মুক্তির সনদ ৬-দফার ভিত্তিতে স্বায়ত্বশাসনের দাবি উত্থাপন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 07:05 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ঢাকাসহ দেশের সকল আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করে।

আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সকালে ধানমণ্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

তিনি বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে। এসব কর্মসূচীর মধ্যে ছিলো আলোচনা-সভা, শোভাযাত্রা এবং সেমিনার।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ ও জাতীয় শ্রমিক লীগ নানা কর্মসূচী পালন করে।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা সভাপতি আফম বাহাউদ্দিন নাসিম ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের নেতৃত্বে বুধবার সকালে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এছাড়া তারা বিকেলে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন।

জাতীয় শ্রমিক লীগ নেতাকর্মীরা সকালে সভাপতি আব্দুল মতিন মাস্টার এবং সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্রের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।