২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের বাজেট অধিবেশন চলছে, ২য় লিড

অষ্টম জাতীয় সংসদের ২২তম ও জোট সরকারের মেয়াদকালের শেষ বাজেট অধিবেশন বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে শুরু হয়েছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

বিএনপি নেত্রত্বাধীন চারদলীয় জোট সরকারের মেয়াদকালের এটাই শেষ বাজেট অধিবেশন।

বৃহস্পতিবার বিকেল ৩টায় সংসদের অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান তার জীবনের ১২তম ও বর্তমান সরকারের পঞ্চম বাজেট পেশ করবেন।

এর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, ২২তম অধিবেশনে ২৫টি কার্যদিবস থাকবে এবং বাজেটের ওপর ৪০ ঘন্টা আলোচনার পর ২৯ জুন তা পাশ করা হবে।

২০০৫ - ০৬ অর্থ বছরের সংশোধিত বাজেট আগামী ১৩ জুন হাউজে পাশ করা হবে।

বাজেট অধিবেশন ১২ জুলাই পর্যন্ত চলবে।

এবারের অধিবেশনে ৭১ বিধিতে মনোযোগ আকর্ষণী নোটিশ ও বেসরকারি সদস্য দিবস থাকছে না।

যদিও এ অধিবেশনে ১২টি বিল উত্থাপন করা হয়েছে।

ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আওয়ামী লীগ সদস্যরা ওয়াক আউট করেন।

কার্য উপদেষ্টা কমিটির সদস্য ও সংসদে বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেন, গুরুত্বপূর্ণ ১২টি ইস্যুতে আলোচনার প্রস্তাব গ্রহণ না করায় আমরা ওয়াক আউট করেছি।

আওয়ামী লীগের প্রস্তাবের মধ্যে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষও ছিলো।

বৈঠকে বিএনপির পক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন, আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, কৃষি মন্ত্রী এমকে আনোয়ার এবং প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, জামাতের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, আওয়ামী লীগের আব্দুস শহীদ, জাতীয় পার্টির বেগম রওশন এরশাদ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধানমন্ত্রীর পক্ষে বৈঠকে যোগ দেন। অন্যদিকে বিরোধী দলীয় নেতার পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রহমত আলী।