২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বৈরশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন শেখ হাসিনা

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চার দলীয় জোট সরকারের বিরুদ্ধে দেশের সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন। ঐতিহাসিক ৭ জুন উপলক্ষে মঙ্গলবার এক বাণীতে বিরোধী দলীয় নেত্রী এ আহবান জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

শেখ হাসিনা তার বাণীতে বলেন, ৭ জুন ১৯৬৬ সালে স্বাধীনতার পথে বাঙ্গালির হাজার বছরের সংগ্রামী ইতিহাসের এক মাইলফলক। জাতির কনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফার ভিত্তিতে স্বায়ত্তশাষনের দাবি উত্থাপন করে বাঙ্গালি জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলেন। পাকিস্তানের স্বৈরশাষক আইয়ূব খান গৃহযুদ্ধের হুমকি দিয়ে ৬ দফা মোকাবেলার কথা বলেন। ওই প্রেক্ষাপটে আওয়ামী লীগের ডাকে শেখ মুজিবের মুক্তি এবং ৬ দফা দাবী আদায়ের লক্ষে দেশব্যাপী পালিত হয় হরতাল। হরতাল চলাকালে পুলিশ ও আধাসামরিক বাহিনীর গুলিতে ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় শ্রমিক নেতা মনু মিয়া এবং নারায়নগঞ্জে সফিক ও শামসুল হক শহীদ হন। বাঙ্গালির মুক্তিসংগ্রামে মনু মিয়া, শফিক ও শামসুল হকের আত্মত্যাগ আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। ছাত্র--জনতার আন্দোলনের সাথে যুক্ত হয় শ্রমজীবী মানুষের আন্দোলন।

তিনি বলেন, ৭ জুন আমাদের মাঝে সংগ্রাম ও আন্দোলনের ডাক নিয়ে ফিরে এসেছে। জামাত-বিএনপি জোট সরকারের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশে যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন ও অগণতান্ত্রিক স্বৈরশাসন চলছে তা থেকে উদ্ধার পেতে গণআন্দোলনের বিকল্প নেই। তাই গণতান্ত্রিক ও আইনের শাসন নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠার জন্য সকল দেশপ্রেশিক গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। এ শিক্ষা নিয়েই এবার ৭ জুন আমাদের মাঝে ফিরে এসেছে।