২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমান সর্বগ্রাসী লুটপাটের হোতা: যুবলীগ

যুবলীগ নেতারা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে সর্বগ্রাসী লুটপাটের হোতা বলে অভিহিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 08:05 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক মঙ্গলবার অভিযোগ করেন, তারেক রহমান আরইবিতে পোল সাপ্লাইয়ের নামে ১২০০ কোটি টাকা লুট করেছে। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে চোরাচালানির মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা কামিয়েছে।

‘ছাত্রদল ও ছাত্র শিবিরকে দিয়ে যুবলীগকে প্রতিহত করা হবে’-- তারেক রহমানের এমন বক্তব্যের প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত এক সমাবেশে বক্তব্যদানকালে তিনি একথা বলেন।

যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি অভিযোগ করেন, তারেক রহমান ও যুবদল সভাপতি বরকত উল্লাহ বুলু সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়েছে।

যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ড. মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান খান, হারুন অর রশিদ, মুজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, এনায়েত কবির চঞ্চল, মঈনুল ইসলাম এবং এবিএম আমজাদ হোসেন সমাবেশে বক্তব্য রাখেন।