২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অরাজনৈতিক ব্যক্তি' ও 'বসন্তের কোকিল'দের মনোনয়ন দেওয়া যাবে না: শেখ হাসিনার কাছে তৃণমূল নেতাদের দাবি

আগামী জাতীয় নির্বাচনে দলের মাঠ পর্যায়ের নেতা--কর্মীদের দাবি ও মতামতকে গুরুত্ব দিয়ে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দ। তারা বলেছেন, ‘অরাজনৈতিক ব্যক্তি’ ও ‘বসন্তের কোকিল’দের যেন মনোনয়ন দেওয়া যাবে না ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 07:13 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে শেখ হাসিনার ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির তৃতীয় দিন মঙ্গলবার ধানমণ্ডির কার্যালয়ে ঢাকা বিভাগের ময়মনসিংহ ও কিশোরগঞ্জের জেলা, উপজেলা, থানা এবং ১ম শ্রেণীর পৌর এলাকাসমূহের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তারা এ দাবি জানান।

টানা সাত ঘন্টা ধরে অনুষ্ঠিত রূদ্ধদ্বার এ সভায় তৃণমূল নেতাদের সুপারিশের আলোকে প্রয়োজনীয় নির্দেশনা এবং পরামর্শ দেন আওয়ামী লীগ প্রধান।

শেখ হাসিনা তৃণমূল পর্যায়ের নেতাদের দাবির সঙ্গে একমত পোষণ করে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান বলে সভা সূত্র জানায়।

দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, দলকে সুগংগঠিত ও গতিশীল করতে সকলকে একযোগে কাজ করতে হবে। যে সকল স্থানে দলীয় অন্তর্কোন্দল ও ভুল বোঝাবুঝি রয়েছে, সেগুলো মিটিয়ে ফেলতে হবে।

এক্ষেত্রে দলীয় অন্তর্কোন্দল রয়েছে, এমন এলাকার জন্যে উপকমিটি করে কোন্দল ও সাংগঠনিক সংকট অবিলম্বে মিটিয়ে ফেলার জন্যে দলের সাধারণ সম্পাদককে পরামর্শ দেন শেখ হাসিনা। এছাড়া অসমাপ্ত সকল জেলা ও উপজেলা / থানা সম্মেলন আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন করারও নির্দেশ দিন তিনি।  

দলীয় অন্তর্কোন্দল মিটিয়ে সরকারবিরোধী চলমান আন্দোলন এগিয়ে নেয়ার পাশাপাশি আগামী সাধারণ নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার জন্যে দলের তৃণমূল নেতাদের নির্দেশ দেন তিনি। শেখ হাসিনা বলেন, নির্বাচনে জিততে হলে আমাদের অবশ্যই আন্দোলনে জিততে হবে।

মাঠ পর্যায়ের নেতাদের বক্তব্য শুনে শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে দল যাদের মনোনয়ন দেবে, তার সঙ্গেই কাজ করতে হবে। মানুষের কাছে যেতে হবে। জোটের দুর্নীতি ও দুঃশাসনের চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে।

তিনি বলেন, মহাজোট গঠনের লক্ষ্য নিয়ে আগামী নির্বাচনের প্রার্থী বাছাই করা হবে। এক্ষেত্রে অনেককে ছাড় দিতে হতে পারে। তাই ত্যাগের মনোভাব নিয়ে দলের সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীর জন্যে সকলকে একযোগে কাজ করতে হবে। সিদ্ধান্তের বাইরে গেলেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তবে ত্যাগী পরীক্ষিত নেতাদের অবশ্যই যথাযথ মূল্যায়ন করা হবে।

শেখ হাসিনা তৃণমূল নেতাদের সতর্ক করে দিয়ে বলেন, মনোনীত প্রার্থীর ব্যাপারে কারও কোনো বক্তব্য থাকলে তা সাংগঠনিকভাবে জানাতে হবে। কোনো অবস্থাতেই দলের শৃংখলা ভঙ্গ করা যাবে না। 

তিনি উপস্থিত নেতাদের কাছ থেকে তাদের নিজ নিজ এলাকার সাংগঠনিক, রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ‘সরকারের অত্যাচার নির্যাতন’ সম্পর্কে জানতে চান। এছাড়া তিনি তাদের কাছ থেকে সংশ্লিষ্ট আসনের সম্ভাব্য প্রার্থী সম্পর্কেও জানতে চান।

উপস্থিত আওয়ামী নেতারা তাদের স্ব স্ব এলাকার সাংগঠনিক, রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দলীয় কোন্দল সম্পর্কে শেখ হাসিনাকে অবহিত করেন।