খুলনা মহানগর যুবলীগের সকল কার্যক্রম স্থগিত
খুলনা মহানগর আওয়ামী যুবলীগের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। দলীয় কোন্দল, সাংগঠনিক স্থবিরতা, শৃংখলা পরিপন্থি কর্মকাণ্ডসহ পাঁচটি কারণ দেখিয়ে মহানগর কমিটি স্থগিত করা হয়।
রোববার গভীর রাতে খুলনার স্থানীয় পত্রিকা অফিসে ঢাকা থেকে ফ্যাক্সযোগে এ তথ্য জানানো হয়। যুবলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এবিএম আমজাদ হোসেন স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়, পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত যুবলীগ খুলনা মহানগরী কমিটি, সকল ওয়ার্ড এবং ইউনিটের কার্যক্রম স্থগিত করা হলো।
এদিকে কমিটি স্থগিত করায় মহানগর যুবলীগ সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান পপলুসহ তার অনুসারীরা ক্ষোভ প্রকাশ করেছে। অপরদিকে সাধারণ সম্পাদক আলী আকবর টিপু ও তার অনুসারীরা উল্লাস প্রকাশ করেছে।
সংগঠনের সূত্র জানায়, খুলনা মহানগর আওয়ামী লীগের দীর্ঘ দিনের গ্র“পিংয়ের প্রভাবে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। যুবলীগের কমিটি স্থগিত করায় তালুকদার খালেক এমপির অনুসারীরা ক্ষুব্ধ হয়েছে। যে কোনো সময় সংঘর্ষ বাঁধতে পারে বলে সূত্রটি আশঙ্কা প্রকাশ করেছে।
