২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় কোন্দল মিটিয়ে আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিন: তৃণমূল নেতাদের শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চলমান সরকার বিরোধী আন্দোলনের পাশাপাশি আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিতে দলের তৃণমূল নেতাদের নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2006, 05:51 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে মতবিনিময় কর্মসূচির প্রথম দিন শনিবার ধানমণ্ডির কার্যালয়ে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার জেলা, উপজেলা, থানা এবং ১ম শ্রেণীর পৌর এলাকাসমূহের আওয়ামী লীগ নেতাদের তিনি বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

উপস্থিত নেতাদের কাছ থেকে তাদের নিজ নিজ এলাকার সাংগঠনিক, রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চান। এছাড়া তিনি তাদের কাছ থেকে তাদের নিজ নিজ আসনের সম্ভাব্য প্রার্থী সম্পর্কেও জানতে চান।

উপস্থিত আওয়ামী নেতারা তাদের স্ব স্ব এলাকার সাংগঠনিক, রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দলীয় কোন্দল সম্পর্কে শেখ হাসিনাকে অবহিত করেন।

শেখ হাসিনা টানা ছয় ঘণ্টা ধরে তাদের কথা শোনেন।

তৃণমূল নেতাদের বক্তব্য ও পরামর্শের আলোকে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দেন তাদের। এখনও রয়ে যাওয়া দলীয় অন্তর্কোন্দল ও ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার জন্য তিনি মাঠ পর্যায়ের নেতাদের নির্দেশ দেন। 

শেখ হাসিনা বলেন, চারদলীয় জোট আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবে না বলেই তারা নির্বাচনে কারচুপির জন্য বিভিন্ন ফন্দি আঁটছে। আবারো ক্ষমতায় ফিরে আসতে নানা ধরণের ষড়যন্ত্র ও চক্রান্ত চালাচ্ছে তারা।

তিনি মন্তব্য করেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান তো দূরের কথা, এ পর্যন্ত একটি সঠিক ভোটার তালিকা প্রণয়ন করতে পারেনি। এই নির্বাচন কমিশন দিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং আদালতের রায় অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ সম্ভব নয়।

তিনি প্রধান নির্বাচন কমিশনারসহ অপর দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং সকল দলের সাথে আলোচনার মাধ্যমে একটি নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানান।

তিনি ১৪ দলের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

শেখ হাসিনা অভিযোগ করে বলেন, কালো টাকা ও সন্ত্রাসের মাধ্যমে জোট সরকার বিশেষ ১০০ টি আসনকে টার্গেট করে ভোট কারচুপির গভীর ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি আশঙ্কা ব্যক্ত করে বলেন, ক্ষমতাসীনরা আগামী নির্বাচনে সম্ভাব্য বিরোধী দলীয় প্রার্থীদের সড়ক দুর্ঘটনার মাধ্যমে হত্যা করারও ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, সরকার খুনি, সন্ত্রাসী ও জঙ্গিদের লালনপালন ও রক্ষা করে যাচ্ছে। ফাঁসির আসামীকে কনডেম সেলে রাখার কথা। কিন্তু সরকার শীর্ষ দুই জঙ্গিকে শিল্পকলা একাডেমির সাবজেলে জামাই আদরে রেখেছে।

তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে এই প্রথম এ ধরনের কোনা মতবিনিময় অনুষ্ঠিত হল।

মতবিনিময় অনুষ্ঠানে তিনি আগামী ১১ জুনের ঢাকা অবরোধ কর্মসূচি সফল করে তোলার জন্য তৃণমূল নেতাদের প্রতি আহ্বান জানান।

আগামী সাধারণ নির্বাচনে বিজয় লাভের জন্য মাঠ পর্যায়ে কাজ করে যাওয়া এবং চলমান সরকার বিরোধী আন্দোলন অব্যাহত রাখার জন্য তিনি তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

রোববার পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শেখ হাসিনা টাঙ্গাইল, গাজীপুর ও নরসিংদীর জেলা, উপজেলা, থানা ও প্রথম শ্রেণীর পৌর এলাকার নেতাদের সাথে মতবিনিময় করবেন।