সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি
কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর সরকার দলীয় ক্যাডারদের হামলার প্রতিবাদে সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় বিক্ষুব্ধ সাংবাদিকরা প্রেসক্লাবের সামনের রাস্তায় ব্যারিকেড দিয়ে সমাবেশ করেন। তারা হামলার নির্দেশদাতা এমপি শহীদুলের কুশপুত্তলিকা দাহ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ।
ময়মনসিংহে মঙ্গলবার বিএফইউজে’র নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
কুষ্টিয়ায় সরকার দলীয় ক্যাডারদের হামলায় বিএফইউজের বিদায়ী সভাপতি ও বাংলাদেশ অবজারভার সম্পাদক ইকবাল সোবাহান চৌধুরীও আহত হন।
ওই হামলার প্রতিবাদে অবজারভার ভবনেও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
সমাবেশে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
এছাড়া হামলার প্রতিবাদে চট্টগ্রাম, খুলনা, যশোর, বগুড়াসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে।
