নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনই জাতিকে রক্ষার একমাত্র উপায়
নির্বাচন কমিশনাররা বিরোধী দলগুলোর পদত্যাগের দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের পদ আঁকড়ে পড়ে থাকার সিদ্ধান্তে অটল থাকার প্রেক্ষাপটে সংবিধান বিশেষজ্ঞরা সোমবার বলেন, এক্ষেত্রে রাজনৈতিক বিরোধ থেকে জাতিকে রক্ষার একমাত্র উপায় হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল (এসজেসি) গঠন করা।
অন্যদিকে বিএনপির আইন সম্পাদক অ্যাড. জয়নাল আবেদীন বলেছেন, নির্বাচন কমিশনারদের আচরণে অসদাচরণ বা শপথ লঙ্ঘনের এমন কোনও উপাদান নেই, যাতে তাদের বিরুদ্ধে এসজেসি গঠন করা যেতে পারে।
সংবিধান বিশেষজ্ঞ এবং বাংলাদেশ আইনজীবী সমিতির ভাইস--চেয়ারম্যান ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ সোমবার বলেন, বর্তমান অচলাবস্থা থেকে দেশকে মুক্ত করতে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের অসদাচরণ ও শপথ লঙ্ঘনের বিরুদ্ধে এসজেসি গঠনের কোনও বিকল্প নেই।
তিনি বলেন, নির্বাচন কমিশনারদের একগুঁয়েমি, রাজনৈতিক কর্মকা-, আইন ও সংবিধান, আদালতের আদেশ লঙ্ঘন এবং হাইকোর্ট সম্পর্কে অশালীন মন্তব্যের কারণে তাদের ওপর জাতির আর কোনও আস্থা নেই। তারা অনেকেই গ্রহণযোগ্যতা, বিশ্বাস ও আস্থা হারিয়েছেন।
তিনি বলেন, ভোটার তালিকার ব্যাপারে আদালতের রায়ের পরপরই তারা পদত্যাগ করলে তারা ভালো করতেন।
তিনি মন্তব্য করেন, স্বেচ্ছায় পদত্যাগ করে তারা তাদের আত্মসম্মান ও মর্যাদা অক্ষুণœ রাখতে পারতেন এবং জাতি রাজনৈতিক সংঘাতের হাত থেকে রক্ষা পেত।
ব্যারিস্টার রোকনুদ্দিন বলেন, সুপ্রীম কোর্টের নির্দেশনা অনুসারে বর্তমান নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করলেও তারা তাদের প্রণয়ন করা ভোটার তালিকাই বহাল রাখবেন।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে নির্বাচন কমিশনারদের অপসারণের ব্যাপারে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) একটি সিদ্ধান্ত অনুমোদন করেছে।
এসসিবিএ সভাপতি ব্যারিস্টার এম আমীর--উল ইসলাম বলেন, প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা প্রতিনিয়ত আদালত অবমাননা করে যাচ্ছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনারদের আইন, সংবিধান ও সুপ্রীম কোর্টের রায়ের প্রতি শ্রদ্ধবোধ নেই। তারা ভোটার তালিকার ব্যপারে সর্বোচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন করেনি। হাইকোর্ট এরই মধ্যে নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে একটি আদালত অবমাননা রুল জারি করেছে। অবকাশের পর আমরা মামলাটি হাইকোর্টে উত্থাপন করব।
তিনি বলেন, এসসিবিএ এসজেসি গঠনের দাবিতে একটি সিদ্ধান্ত অনুমোদন করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে। কিন্তু রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি তাদের দাবির ব্যাপারে সাড়া প্রদান করেননি। এ অবস্থায় আমাদের বাধ্য হয়ে আদালতের আশ্রয় নিতে হবে।
সাবেক এসসিবিএ সভাপতি অ্যাড. মাহবুবে আলম বলেন, নির্বাচন কমিশনারদের রাজনৈতকভাবে নিয়োগ দিয়ে সরকার সঙ্কট সৃষ্টি করেছে।
এসসিবিএ’র সাবেক সম্পাদক অ্যাড. ইনায়েতুর রহিম বলেন, সুপ্রীম কোর্টের রায়ের সাতদিন পরও নির্দেশ বাস্তবায়ন না করে প্রধান নির্বান কমিশনারসহ অপর দুই নির্বাচন কমিশনার আদালত অবমাননা করেছেন।
তিনি বলেন, তারা আগামী নির্বাচনে বিএনপি জামাত জোটকে খুশি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বিএনপি’র লোকজন নিয়োগের মাধ্যমে সরকার নির্বাচন কমিশনকে কুক্ষীগত করে রেখেছে। হাইকোর্টের বিরুদ্ধে বারবার অশালীন মন্তব্য করে নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান আদালত অবমাননা করেছেন। অনেক অপকর্মের হোতা এসএম জাকারিয়া বারবার আদালতের আদেশ লঙ্ঘন করে আদালত অবমাননা করে যাচ্ছেন। সরকারের নীলনকশার নির্বাচন সফল করার লক্ষ্যে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জয়নাল আবেদীন বলেন, খসড়া ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচন কমিশনাররা আদালত কিংবা আইন, সংবিধান এবং বিচার বিভাগকে অবমাননা করেননি।
তিনি বলেন, নির্বাচন কমিশন একটি প্রতিষ্ঠান। সকল সচেতন ও গণতন্ত্রমনা নাগরিককে এ প্রতিষ্ঠান রক্ষায় এগিয়ে আসা উচিত এবং এ প্রতিষ্ঠানের ব্যাপারে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।
