২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ পরিবহণ মন্ত্রীর অনিয়মের বিরুদ্ধে স্থায়ী কমিটিতে ক্ষোভ, প্রধানমন্ত্রীকে জানানোর সিদ্ধান্ত

নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অমান্য করে নতুন জাহাজ ক্রয়ের দরপত্র আহ্বান এবং চট্টগ্রাম বন্দরের জন্য ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্রয় করায় মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উত্থাপিত হওয়ায় কমিটি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 05:51 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

জাতীয় সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানোর সিদ্ধান্ত হয়। প্রয়োজনে কমিটি বিষয়টি তদন্ত দেখার জন্য দুর্নীতি দমন কমিশনকে (এসিসি) অনুরোধ জানাবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি বিএনপি সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ (জিএম সিরাজ) সাংবাদিকদের জানান, স্থায়ী কমিটির ২৫ ও ২৬তম বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়কে জাহাজ সংকট নিরসনে ও আর্থিক সংকুলানের অভাবে নতুন জাহাজের পরিবর্তে রিকন্ডিশনড জাহাজ কেনার পরামর্শ দেওয়া হয়।

কিন্তু মন্ত্রী কর্ণেল (অব.) আকবর হোসেন কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে চলতি মাসেই নতুন জাহাজ কেনার জন্য দরপত্র আহ্বান করেন।

এজন্য সংবাদপত্রে দেওয়া বিজ্ঞাপনে দরপত্রে অংশ নিতে বিদেশি কোম্পানির জন্য কমপক্ষে ১০টি মানসম্মত জাহাজ তৈরির অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে। তবে এক্ষেত্রে দেশীয় কোম্পানির জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই বলে উল্লেখ করা হয়।

তিনি জানান, দরপত্রের শর্তই এ নতুন জাহাজ কেনার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ স্পষ্ট করে দেয়। তাই বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হবে। কোনো অনিয়ম দেখা গেলে বিষয়টি তদন্ত করে দেখতে এসিসিকেও জানানো হবে।

পরে কমিটির সদস্য আওয়ামী লীগ সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জন্য মন্ত্রণালয় ইতোমধ্যে চড়াদামে প্রায় ১৪ কোটি টাকার সিসিটিভি কিনেছে। এসব সিসিটিভি দেশীয় বাজার মূল্যের চেয়ে ৩০০ থেকে ৫০০ ভাগ চড়ামূল্যে কেনা হয়েছে। এক্ষেত্রে কমপক্ষে ছয় কোটি টাকার অনিয়মের সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কিছু ব্যাখ্যা দিলেও তা কমিটিতে গ্রহণযোগ্য হয়নি। তবে মন্ত্রী বৈঠকে উপস্থিত না থাকায় বিষয়টি পরবর্তী সভায় আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সদস্য এমএ মতিনসহ অন্য সদস্য, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।