গার্মেন্টস শ্রমিকদের সহিংসতার পেছনে দেশী-বিদেশী চক্র জড়িত: মন্ত্রীদের মন্তব্য
ঢাকা, সাভার ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ও সহিংসতার পেছনে দেশী ও বিদেশী চক্রের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন সরকারের মন্ত্রীরা ।
তারা বলেছেন, দেশের অগ্রসরমান গার্মেন্টস খাতকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া মঙ্গলবার তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে বলেন, একটি গার্মেন্টসের ঘটনা এভাবে গোটা দেশের গার্মেন্টস শিল্পে ছড়িয়ে পড়তে পারে না। তাদের গার্মেন্টসে সমস্যা হলে সেখানেই সমাধান হবে। কিন্তু এ ঘটনা গোটা গার্মেন্টস খাতে ছড়িয়ে পড়্েেছ। এর পেছনে কেউ উস্কানি দিচ্ছে।
তিনি বলেন, এর সাথে বিরোধী দলসহ দেশী ও বিদেশী চক্রের হাত থাকতে পারে। দেশের উদীয়মান এ শিল্পকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এজন্যে সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে, যদিও পুলিশের আচরণ অনেকটা সংযত ছিল।
মান্নান ভূঁইয়া গার্মেন্টস শিল্পের এ সমস্যা সমাধানে মালিক, শ্রমিক ও সকল দলের নেতা--কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এ ঘটনার কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। বিদেশী ক্রেতারা এসব ঘটনা দেখে ফিরে যাচ্ছে। ফলে এ শিল্পের সাথে এর কর্মীরাও ক্ষতিগ্রস্ত হবে। এতে সামাজিক সমস্যা দেখা দিতে পারে।
এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী হাফিজউদ্দিন আহম্মেদ সাংবাদিকদের বলেন, সরকার ও গার্মেন্টস শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে এসব ঘটনা ঘটানো হচ্ছে। এর সাথে দেশী ও বিদেশী চক্রের হাত থাকতে পারে। সরকার বিষয়টি খতিয়ে দেখছে। গার্মেন্টস সেক্টরের সমস্যা সমাধানে সরকার সম্ভব সবকিছু করবে।
একই বৈঠকে যোগদান শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের বলেন, গার্মেন্টস সেক্টরের সাথে দেশের কোটি মানুষের ভাগ্য জড়িত। তাই সরকার এসব নৈরাজ্য ও বিশৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ইতোমধ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। প্রয়োজনে সরকার আরো কঠোরভাবে তাদের নিয়ন্ত্রণে বাধ্য হবে।
