২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রীম কোর্টের রায়ের সঙ্কটে পড়েছে নির্বাচন কমিশন

ভোটার তালিকা সংক্রান্ত সুপ্রীম কোর্টের মঙ্গলবারের রায়ের ফলে খসড়া ভোটার তালিকা নিয়ে গভীর সঙ্কটে পড়েছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 07:54 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

নির্বাচন কমিশন সচিবালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার বিডিনিউজকে জানান, প্রচুর অর্থ ব্যয়ে ভোটার তালিকা প্রণয়ন এবং ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করায় নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন সচিবালয় মারাত্মক জটিলতায় পড়েছে।

তিনি বলেন, সর্বোচ্চ আদালতের আদেশ অনুযায়ী ২০০০ সালের বিদ্যমান ভোটার তালিকায় নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার ফলে দেশে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ছাড়িয়ে যাবে। এমনকি শুধু ঢাকায়ই এক কোটিরও বেশি ভোটারকে তালিকাভুক্ত করতে হবে। এতে নির্বাচন কমিশন আরও তীব্র সমালোচনার শিকার হবে।

তিনি আরও বলেন, বিদ্যমান তালিকায় নাম রয়েছে, শহর এলাকার এমন অনেক ভোটারকেই গণনাকারীরা এখন আর খুঁজে পাবে না।

তিনি প্রশ্ন রাখেন, ১ লাখ ৮০ হাজার ইউনিটের মাধ্যমে নির্বাচন কমিশন ভোটার গণনা করেছে। সকল ইউনিটই এ ধরনের সমস্যায় পড়েছে। সুপ্রীম কোর্ট ২০০০ সালের বিদ্যমান ভোটার তালিকা অনুসারে নতুন ভোটার তালিকা প্রণয়নের আদেশ দেওয়ায় এখন নির্বাচন কমিশন কীভাবে ভোটার তালিকা প্রণয়নের কাজ করবে?

তিনি আরও বলেন, ভোটার তালিকা প্রণয়নের ব্যাপারে নির্বাচন কমিশন শিগগিরই বৈঠকে বসবে।

সুপ্রীম কোর্ট মৃত, বিকৃত মস্তিষ্ক এবং বাংলাদেশী নাগরিক নয়-- এমন ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনসহ পাঁচজন বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ  ভোটার তালিকা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) বিচারপতি এমএ আজিজের দায়ের করা লিভ টু আপিলটি মঙ্গলবার খারিজ করে দিয়েছেন।

নতুন ভোটার তালিকা প্রণয়নের ব্যাপারে সিইসি’র একক সিদ্ধান্ত এবং রাজনৈতিক বিবেচনায় ভোটার গণনাকারী নিয়োগ প্রদানের বিষয়কে চ্যালেঞ্জ করে ২০০৫ সালের ১২ ডিসেম্বর আওয়ামী লীগ সাংসদ আব্দুল জলিল, অ্যাড. রহমত আলী এবং আসাদুজ্জামান নূর হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন দায়ের করেন।

হাইকোর্ট এবং পরে সুপ্রীম কোর্ট ভোটার তালিকা সংক্রান্ত মামলা চলমান থাকাকালে নির্বাচন কমিশন ১৪৭ কোটি টাকার বাজেট নিয়ে ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে ভোটার তালিকার কাজ শুরু করে এবং ৩ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। ১৪৭ কোটি টাকার মধ্যে ইতোমধ্যে ৬০ কোটি টাকা ব্যয় হয়ে গেছে।

একই সময়ের মধ্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকা থেকে ভুয়া তালিকা প্রণয়নের অভিযোগ ওঠে।

জনগণ, বিশেষ করে বিরোধী দলগুলো হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে।

এমনকি দেশের বিশিষ্ট আইনজীবীরা সিইসিসহ অপর দুই ইসিকে ফৌজদারি অপরাধ সংঘটনের দায়ে অভিযুক্ত করে তাদের শাস্তি প্রদানের দাবি জানান।

হাইকোর্ট মহাপুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ূমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন এবং অবিলম্বে আদালতের সংশ্লিষ্ট বেঞ্চে রাজধানীর ১৪ নয় ওয়ার্ডের বিতর্কিত ৯০০ ভোটারের তালিকা জমা দানের আদেশ দেন।

একই বেঞ্চ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার, অপর দুই নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে এবং আগামী তিন সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছে।