সিইসি, দুই ইসি সদস্য এবং ইসি সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি
হাইকোর্ট মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ, নির্বাচন কমিশনের দুই সদস্য এবং নির্বাচন কমিশন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন। রুলে ভোটার তালিকা সংক্রান্ত হাইকোর্টের রায় লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোন আনা হবে না এ ব্যাপারে তাদের কাছে জানতে চাওয়া হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি’র আদালত অবমাননা পিটিশনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি এমএ মতিন ও বিচারপতি এটিএম ফজলে কবির সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তাদেরকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি হাইকোর্টের আদেশ অমান্য করায় নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে সোমবার আদালত অবমাননার মামলা দায়ের করেন। মামলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ, নির্বাচন কমিশনের দুই সদস্য (ইসি) বিচারপতি মাহফুজুর রহমান ও সম জাকারিয়া এবং নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জকরিয়াকে অভিযুক্ত করা হয়।
হাইকোর্ট আব্দুল জলিলের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার শুনানি শেষে মঙ্গলবার রায় প্রদানের দিন ধার্য্য করেন।
আবেদনে আব্দুল জলিল বলেন, সিইসি, দুই ইসি সদস্য ও ইসি সচিব ভোটার তালিকা সংক্রান্ত হাইকোর্টের রায় প্রতিনিয়ন লঙ্ঘন ও অবমাননা করে যাচ্ছেন।
আবেদনকারীর পক্ষে আদালতে ব্যারিস্টার আমীর উল ইসলামকে মামলা পরিচালনায় সহযোগিতা করেন ব্যারিস্টার তানিয়া আমীর, ড. শিরিন শারমিন চৌধুরী ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।
