ভোটার তালিকায় অনিয়ম, দুনীতির অভিযোগে রাজধানীর শ্যামপুরে বিক্ষোভ, আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস ঘেরাও
ভোটার তালিকায় নাম না ওঠা এবং ভুয়া ভোটার তালিকার প্রতিবাদে রাজধানীর জুরাইন এলাকার কয়েকশ মানুষ রোববার বিক্ষোভে ফেটে পড়ে।
প্রতিবাদে তারা রাস্তায় নেমে মিছিল - সমাবেশ করে এবং মুরাদপুর উচ্চবিদ্যালয়ে আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় কয়েকঘন্টা ঘেরাও করে রাখে।
বিক্ষুব্ধকারীদের নিয়ন্ত্রণ করতে এলাকায় কয়েক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, নিজেদের নাম তালিকাভূক্ত হয়েছে কি-না দেখতে এলাকার কয়েকশ’ মানুষ সকাল ১১ টার দিকে মিছিলসহ মুরাদপুর উচ্চবিদ্যালয়স্থ আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে যায় । খসড়া তালিকা প্রণয়নের শেষদিনেও তাদের নাম না দেখে এবং তালিকায় ভুয়া ভোটার দেখে তারা বিক্ষোভে ফেটে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, ভোটার তালিকা তৈরিতে এলাকার সরকারদলীয় নেতা - কর্মীদের নিযুক্ত করা হয়। তারা তাদের পছন্দমত তালিকা তৈরি করে। কর্মকর্তাদের কাছে জানতে চেয়েও এবিষয়ে তারা কোনো সদুত্তর পাননি।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, পুলিশের আশ্বাস এবং অনুরোধে প্রায় দু’ঘন্টা পর এলাকাবাসী তাদের ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে।
ঢাকা মহানগর (পূর্ব) উপ - পুলিশ কমিশনার মাহবুবুর রহমান বিডিনিউজকে জানান, ভোটার তালিকা নিয়ে অভিযোগ করতে এলাকাবাসী বিক্ষোভ করেছে। সংশোধনের আশ্বাস পেয়ে তারা ফিরে গেছেন।
