২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারির কারণে আহমদীয়া মুসলিম জামাতের ধর্মীয় উৎসব সালনা জলসা স্থগিত

জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারির কারণে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় আহমদীয়া মুসলিম জামাত অনুসারীরা তাদের ধর্মীয় উৎসব সালানা জলসা পালন করতে পারেনি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

এ ঘটনার পর শহরের কান্দিপাড়া আহমদীয়া অধ্যুষিত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।

এদিকে মৌলবাদীদের বাধা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা এবং তাদের দখলকৃত মসজিদ ফেরত ও নিয়মিত বার্ষিক সালানা জলসা অনুষ্ঠানে আইনগত সহায়তার দাবি জানিয়ে শনিবার আহমদীয়া সম্প্রদায় সংবাদ সম্মেলন করে।

সূত্র জানায়, প্রায় ২০ বছর পর শনিবার ব্রাহ্মণবাড়িয়া আহমদীয়া মুসলিম জামাতের ৬১তম সালানা জলসার আয়োজন করা হয়। স্থানীয় প্রশাসন প্রথমে এর অনুমতি দিলেও পরে মৌলবাদীদের চাপে ১৪৪ ধারা জারি করে। ঘটনাস্থলে ১৪৪ ধারা চলাকালে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আতাউল গনির নেতৃত্বে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। 

এদিকে শনিবার দুপুর ৩টায় আহমদীয়া মুসলিম জামাতের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৯৯৭ সালে দখলকৃত তাদের পাঁচটি মসজিদ ফেরত এবং ব্রাহ্মণবাড়িয়ায় সালনা জলসা অনুষ্ঠানের জন্যে সরকারের সহায়তা দাবি করা হয়।