বহুল আলোচিত ৩ মামলার শুনানি হতে পারে রোববার
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) আবেদন, শীর্ষ সরকারি আমলাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এবং শেখ রেহানার দায়ের করা রিট আবেদনের শুনানি রোববার অনুষ্ঠিত হতে পারে।
আদালত সূত্র জানায়, ভোটার তালিকা প্রস্তুতের ওপর হাইকোর্টের দেওয়া নির্দেশনার বিরুদ্ধে সিইসি বিচারপতি এমএ আজিজের দায়ের করা আবেদনটি শুনানির জন্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রোববারের মামলা তালিকার প্রথমে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সূত্র জানায়, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণ মামলায় আদালতের দেওয়া পর্যবেক্ষণের বিকৃত ব্যাখ্যা দেওয়ার অভিযোগে নয় শীর্ষ সরকারি আমলার বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার শুনানি দিনের কার্যতালিকার দুই নম্বরে রাখা হয়েছে।
অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার দায়ের করা রিট আবেদনের শুনানি রোববারের মোশন আবেদনগুলোর শুনানির পর হাইকোর্টে অনুষ্ঠিত হবে।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মুদাচ্ছির হোসেন, বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রুহুল আমিন, বিচারপতি তোফাজ্জল ইসলাম ও বিচারপতি আমিরুল কবীর চৌধুরীর সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ ডিভিশন বেঞ্চ ভোটার তালিকা প্রস্তুতের ওপর দেওয়া হাইকোর্টের পর্যবেক্ষণের বিরুদ্ধে সিইসির রিট আবেদনের শুনানি ১৮ মে তৃতীয় দিনের মতো অব্যাহত রাখেন ও রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ৩ এপ্রিল সরকারের চার শীর্ষ আমলার বিরুদ্ধে আদালত অবমাননা রুল জারি করেন। অভিযুক্ত সরকারি আমলারা হলেন-- প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, আইনসচিব আলাউদ্দিন সরদার, সংস্থাপনসচিব ড. মাহবুবুর রহমান এবং অর্থসচিব সিদ্দিকুর রহমান।
তাদের সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে না।
তবে রোববারের শুনানির সময় অভিযুক্ত নয়জন সরকারি আমলাকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের সামনে সশরীরে উপস্থিত থাকতে হবে। আদালত অবমাননা মামলায় অভিযুক্তরা হলেন-- সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্মসচিব লোকমান হাকিম, বদরুল আলম তরফদার ও মো. আব্দুর রব হাওলাদার, উপসচিব মো. আবুল কালাম চৌধুরী এবং সিনিয়র অতিরিক্ত সচিব মো. খলিলুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শফিকুল ইসলাম তালুকদার ও সিনিয়র অতিরিক্ত সচিব মোহাম্মদ হারুন--অর--রশিদ, মন্ত্রিপরিষদ উপসচিব মো. ফজলুল হক এবং অর্থ মন্ত্রণালয়ের উপসচিব একেএম মোতালেব হোসেন।
বিচার বিভাগ পৃথককরণ মামলায় সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দেওয়া রায় বিকৃত করার অভিযোগে দায়ের করা মামলায় আদালত ২০০৪ সালের ২৯ নভেম্বর নয় সরকারি আমলার বিরুদ্ধে রুল জারি করেন।
শেখ রেহানার ধানম-ির বাড়ির একাংশ সাবেক প্রধান বিচারপতি কেএম হাসানকে হস্তান্তর করার সরকারি আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে বঙ্গবন্ধুকন্যা ১৬ মে হাইকোর্টে আবেদন করেন।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শেখ রেহানার আবেদন গ্রহণ ও ২১ মে (রোববার) শুনানীর দিন ধার্য করেন।
