২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি ও রাজনৈতিক বিরোধ বাংলাদেশের জন্যে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে: মার্কিন যুক্তরাষ্ট্র

দুর্নীতি ও রাজনৈতিক বিরোধ বাংলাদেশ ও আগামী সাধারণ নির্বাচনের জন্যে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 05:36 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ইউএস হাউস আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান জেমস লিচ এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী রিচার্ড বাউচার বুধবার বাংলাদেশ সম্পর্কে এ অভিমত ব্যক্ত করেন।

রিচার্ড বাউচার বলেন, দুর্নীতি ও রাজনৈতিক দলগুলোর মধ্যকার তিক্ত সম্পর্ক বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনে চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ইউএস হাউস আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সামনে বাংলাদেশের অবস্থা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ভারত ছাড়া এ অঞ্চলের অন্যান্য দেশগুলো ভয়াবহ গণতান্ত্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে।

বাউচার বলেন, একই ধরনের বিষয় সবার জন্যে প্রযোজ্য এ ধরনের নীতি বাদ দিয়ে প্রত্যেক দেশের নির্দিষ্ট পরিস্থিতির সাথে মানানসই গণতন্ত্র উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

উপকমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান জেমস লিচ বলেন, স্থানীয় রাজনৈতিক মেরুকরণ, দুর্নীতি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া ও চরমপন্থিদের উত্থান বাংলাদেশের সমাজের জন্যে বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।  

তিনি আরো বলেন, কৃষি উৎপাদন, শিক্ষার হার, সামাজিক সেবা, শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে নারীর ক্ষমতায়নসহ উন্নয়নের প্রধান কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

কংগ্রেসম্যান জানান, বিশ্বের চতুর্থ মুসলিম প্রধান দেশ হিসেবে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে বাংলাদেশের সংযত স্বর সমধিক পরিচিত।

উপকমিটির বৈঠকের শুরুতে বুধবার তিনি বলেন, মানবাধিকার ও গণতান্ত্রিক বিষয়ে অগ্রগতি অর্জনের লক্ষ্যে বিশেষ করে ২০০৭ সালে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী।

তিনি বলেন, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা সম্পর্ক, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা সম্প্রসারণে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিগত যে উদ্যোগ রয়েছে সেক্ষেত্রে দক্ষিণ এশিয়া হচ্ছে একটি কেন্দ্রবিন্দু।

তিনি বলেন, ভারত ও পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে হবে।

অপরদিকে রিচার্ড বাউচার উপকিমিটিকে বলেন, দক্ষিণ এশিয়ার সাতটি দেশকে অবাধ, স্থিতিশীল ও সমৃদ্ধ করে তোলার জন্যে সহায়তার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ত্রিমাত্রিক  কৌশলগত প্রক্রিয়া নিয়ে কাজ করছে।

সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণ এবং সংঘাত মোকাবেলার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা, জ্বালানি, পানি, অবকাঠামো, বাণিজ্য ও যোগাযোগের মাধ্যমে দক্ষিণ ও মধ্য এশিয়াকে সংযুক্ত ও সমন্বিত করার ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি এবং শিক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, আইনের শাসন, মানবাধিকার রক্ষা, প্রাশাসনিক স্বচ্ছতার মতো গণতন্ত্রের মৌলিক ভিত্তি জোরদার ও নির্মাণ করার লক্ষ্যে ত্রিমাত্রিক কৌশল নেয়া হয়েছে বলে তিনি জানান।

বাউচার বলেন, দক্ষিণ এশিয়া মারাত্মক পানি সঙ্কটের মধ্যে রয়েছে। বিশুদ্ধ পানির অভাবে ভুগছে ২৪০ মিলিয়নেরও বেশি মানুষ। দুঃখজনকভাবে দক্ষিণ এশিয়ায় প্রতি ১৫ সেকেন্ডে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধার অভাবে একটি শিশুর মৃত্যু হয়ে থাকে।

‘দরিদ্রদের জন্যে পানি’ নামে পরিচিত একটি উদ্যোগের আওতায় ভারত, পাকিস্তান ও বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপদ পানি সুবিধা বৃদ্ধির লক্ষে কাজ করছে বলে তিনি জানান।

তিনি আরো জানান, এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এ অঞ্চলের আন্তঃসীমান্ত পানি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যেও কাজ করছে।