সিলেট ও কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর হামলায় সাংবাদিক নেতৃবৃন্দের প্রতিবাদ
সিলেট ও কুষ্টিয়ায় আক্রান্ত সাংবাদিকদের সাথে একাত্মতা ঘোষণা করে বিএফইউজে ও এর সকল অঙ্গ ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ এক বিবৃতিতে কুষ্টিয়ায় বিএনপির সাংসদ ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রয্ুিক্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবির নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়ে বলেন, চারদলীয় জোট সরকার তাদের সাংসদ ও ক্যাডারদের দ্রুত নিয়ন্ত্রণ করতে না পারলে সাংবাদিক সমাজ দেশজুড়ে কর্মসূচি দিতে বাধ্য হবে।
বিবৃতিদাতা সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন- বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বর্তমান সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক ওমর ফারুক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি শহীদউল আলম ও সাধারণ সম্পাদক রিয়াজ হায়দারসহ প্রতিটি অঙ্গ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
